সাফে সাংবাদিকদের ওপর পুলিশি হামলার অভিযোগ, ডিএমপির তদন্ত কমিটি গঠন
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ শেষে ক্রীড়া সাংবাদিকদের ওপর পুলিশি হামলার অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। কমিটিকে আগামী দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেনের সই করা এক অফিস আদেশে এই কমিটি গঠনের তথ্য জানানো হয়।
ডিএমপির সচিবালয়-নিরাপত্তা বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাহমুদুল কবীরকে কমিটির সভাপতি করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন গোয়েন্দা-মতিঝিল বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং আইএডি বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার তারিক আহমেদ আস সাদিক।
অফিস আদেশ অনুযায়ী, বুধবার (১১ নভেম্বর) রাতে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ শেষে জাতীয় স্টেডিয়ামের ভিআইপি গেটের বাইরে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে সাংবাদিকদের কথা-কাটাকাটি, ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় মতিঝিল জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ রেজওয়ানুল ইসলামসহ কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে সাংবাদিকদের পেশাগত কাজে বাধা ও শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে।
এর আগে পুলিশের হামলায় একাত্তর টেলিভিশনের ক্রীড়া প্রতিবেদক হাসান সজীবসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন বলে অভিযোগ তোলে ক্রীড়া সাংবাদিকদের তিনটি সংগঠন-বিএসপিএ, বিএসজেএ ও বিএসজেসি। তারা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানায়। পাশাপাশি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলার বিষয়টি জানিয়েছিলেন। নবগঠিত এই তদন্ত কমিটিকে ঘটনার সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের দায়দায়িত্ব নিরূপণ করে ডিএমপি কমিশনারের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিভি/একেএম/টিটি













মন্তব্য করুন: