সাফের ফাইনাল আজ, পাকিস্তানকে নিয়ে সতর্ক ভারত
সাফ চ্যাম্পিয়নশিপ আর ভারতের ফাইনাল খেলা যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে। টুর্নামেন্টের ইতিহাসে একমাত্র ২০০৩ সালের আসর বাদে প্রতিবারই শিরোপার মঞ্চে ছিল ভারত। এবার দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে এসেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে তারা। আজ ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান।
আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। রোমাঞ্চকর সেই লড়াইয়ে ভারত ৩-২ গোলে জয় পেলেও ফাইনালের সমীকরণ এখন অনেকটাই ভিন্ন। স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে দারুণ ছন্দে থাকা পাকিস্তান এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
ফাইনালে পাকিস্তান ফেভারিট কি না- এমন প্রশ্নের জবাবে ভারতের কোচ নওশাদ মুসা বলেন, ‘পাকিস্তান যদি আমাদের হারাতে পারে, তখন তাদের ফেভারিট বলা যাবে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আমরা যে দলটির মুখোমুখি হয়েছিলাম, বাংলাদেশের বিপক্ষে খেলা দলটি তার চেয়ে আলাদা। আমি আগেই বলেছিলাম, পূর্ণ শক্তির দল নিয়ে ফিরলে তাদের ভিন্ন চেহারায় দেখা যাবে। আমরা তাদের খেলা বিশ্লেষণ করেছি এবং সব দিক পর্যবেক্ষণ করেছি। আশা করি, ফাইনালে দারুণ একটি লড়াই হবে।’
গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের শেষ দিকে দুটি গোল হজম করায় ভারতের রক্ষণভাগ নিয়ে কিছুটা প্রশ্ন উঠেছে। এর মধ্যে দলের কয়েকজন ফুটবলার নিউজিল্যান্ডে জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়ায় স্কোয়াড নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। তবে ঢাকায় থাকা ফুটবলারদের নিয়েই ফাইনাল জয়ের ছক কষছেন মুসা।
নিজের দলের ওপর পূর্ণ আস্থা রেখে ভারতীয় কোচ বলেন, ‘স্কোয়াডে কোনো পরিবর্তন আসবে না। আমি আমার খেলোয়াড়দের ওপর বিশ্বাস রাখি। নিজে ফুটবলার ছিলাম বলে জানি, কোচের কাছ থেকে সম্মান ও আস্থা পাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ। যারা মাঠে নামবে, প্রত্যেকের ওপর আমার শতভাগ ভরসা আছে এবং তারা নিজেদের সেরাটাই দেবে।’
ফাইনালের ডাগআউটেও থাকছে বাড়তি রোমাঞ্চ। পাকিস্তানের কোচ হিসেবে আছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন নলবার্তো সোলানো, যার অধীনে দলটি বেশ ভালো করছে। দুই কোচের কৌশলগত লড়াই নিয়ে নওশাদ মুসার মন্তব্য, ‘কোচরা অনুশীলনে পরিকল্পনা তৈরি করেন, কিন্তু মাঠে তা বাস্তবায়নের মূল দায়িত্ব থাকে খেলোয়াড়দের ওপর।’
অন্যদিকে, ফাইনাল নিয়ে বাড়তি কোনো চাপ নিচ্ছেন না ভারতের অধিনায়ক সেনা সিং। আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি বলেন, ‘আমাদের দলে অনেক প্রতিভাবান তরুণ ফুটবলার আছে। আমরা নিজেদের স্বাভাবিক ফুটবলটাই খেলতে চাই। আগের ম্যাচগুলো থেকে অনেক কিছু শিখেছি। ফাইনালের জন্য আমাদের প্রস্তুতি ভালো এবং আমরা মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত।’
বিভি/এসকে/পিএইচ













মন্তব্য করুন: