• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

আইপিএলে এবার উঠবে না হেড ঝড়, ভাঙছে ‘ট্রাভিশেক’ জুটি

প্রকাশিত: ১৪:২৫, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আইপিএলে এবার উঠবে না হেড ঝড়, ভাঙছে ‘ট্রাভিশেক’ জুটি

এবারের আইপিএলে আর দেখা যাবে না ট্রাভিস হেডের এমন শট। ছবি: ক্রিকইনফো

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের (এসআরএইচ) বিধ্বংসী উদ্বোধনী জুটি ‘ট্রাভিশেক’ আর দেখা যাবে না ২০২৭ মৌসুমে। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে আগামী আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড। বিষয়টি ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দিয়েছেন তিনি। ফলে হেডকে ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে হায়দরাবাদ।

ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হেডের এই সিদ্ধান্তে হায়দরাবাদের ব্যাটিং লাইনআপে বড় ধাক্কা লাগলেও ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠেয় নিলামের আগে দলটির অর্থভান্ডারে বাড়তি ১৪ কোটি রুপি যোগ হবে। ২০২৫ সালের মেগা নিলামের আগে হেডকে এই মূল্যেই ধরে রেখেছিল ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএল কর্তৃপক্ষ তার ছেড়ে দেওয়ার বিষয়টি অনুমোদন করলে ওই অর্থ নিলামের জন্য হায়দরাবাদের বাজেটে যুক্ত হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আইপিএলের সব দলের জন্য খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানানোর শেষ দিন।

হেডের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত অবশ্য একেবারে অপ্রত্যাশিত নয়। গত আগস্টে অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ক্রিকইনফোকে জানিয়েছিলেন, ২০২৭ সালে জাতীয় দলের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটীয় সূচি থাকায় খেলোয়াড়দের নিয়ে কিছু সিদ্ধান্ত নিতে হবে। ওই বছর অস্ট্রেলিয়ার ২০টি টেস্ট খেলার কথা রয়েছে। পাশাপাশি আইপিএলের পর জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা, জুন থেকে আগস্টে অ্যাশেজ সিরিজ এবং অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ রয়েছে সূচিতে।

২০২৫ সালের মেগা নিলামের আগে কোনো ফ্র্যাঞ্চাইজি ধরে রাখা খেলোয়াড়কে ছেড়ে দিলে বা অন্য দলের সঙ্গে বিনিময় করলে ওই সময়ের রিটেনশন স্ল্যাব অনুযায়ী তাদের নিলামের অর্থ সমন্বয় করা হয়। হায়দরাবাদের ক্ষেত্রে হেডের ১৪ কোটি রুপি ছাড়াও অন্য কোনো অর্থ যোগ বা বিয়োগ হবে না। কারণ, মেগা নিলামের আগে চারজন ক্যাপড খেলোয়াড় ধরে রাখতে তাদের মোট খরচ হয়েছিল ৬১ কোটি রুপি। অন্য চার খেলোয়াড়ের পারিশ্রমিকও সেই অঙ্কের সমান—হেনরিখ ক্লাসেন ২৩ কোটি, প্যাট কামিন্স ১৮ কোটি, অভিষেক শর্মা ১৪ কোটি এবং নীতিশ কুমার রেড্ডি ৬ কোটি রুপি।

২০২৪ সালের আইপিএল নিলামে ৬ কোটি ৮০ লাখ রুপিতে প্রথমবার হেডকে দলে নেয় হায়দরাবাদ। এর আগে ২০২৩ সালের নিলামে অবিক্রীত ছিলেন তিনি। হায়দরাবাদের প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টোরি তখন জানিয়েছিলেন, বাঁহাতি ওপেনারকে দলে নিতে তারা দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন।

দলে যোগ দিয়েই নিজের সামর্থ্যের প্রমাণ দেন হেড। ২০২৪ মৌসুমে ৪০-এর বেশি গড় এবং ১৯১.৫৫ স্ট্রাইক রেটে ৫৬৭ রান করেন তিনি। তাঁর ব্যাটিং নৈপুণ্যে ফাইনালে ওঠে হায়দরাবাদ। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে যায় দলটি।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আগে ১০টি ম্যাচ খেলা হেডের দ্বিতীয় আইপিএল ফ্র্যাঞ্চাইজি ছিল হায়দরাবাদ। দলটির হয়ে মোট ৪৩ ম্যাচে ৩২.৯৫ গড় এবং ১৭৬.১৪ স্ট্রাইক রেটে ১ হাজার ৩৫১ রান করেছেন তিনি।

তবে হায়দরাবাদের হয়ে হেডের সবচেয়ে বড় সাফল্য ছিল অভিষেক শর্মার সঙ্গে তাঁর উদ্বোধনী জুটি। আইপিএল তো বটেই, টি-টোয়েন্টি ক্রিকেটের ওপেনিং ব্যাটিংয়ের ধরনেও বড় পরিবর্তন এনেছিল এই জুটি।

রানের হিসাবে হায়দরাবাদের ইতিহাসে দ্বিতীয় সফল উদ্বোধনী জুটি হেড-অভিষেক। শিখর ধাওয়ান ও ডেভিড ওয়ার্নারের পরেই রয়েছে তাদের অবস্থান। ৪২ ইনিংসে ৪৬.১৪ গড়ে দুজন মিলে করেছেন ১ হাজার ৮৯২ রান। এর মধ্যে রয়েছে ছয়টি শতরানের ও নয়টি অর্ধশত রানের জুটি। অন্তত ১ হাজার রান করা আইপিএল জুটিগুলোর মধ্যে রান তোলার গতিতে সবার ওপরে ‘ট্রাভিশেক’। প্রতি ওভারে তাদের রান তোলার হার ১২.২৭।

এদিকে দল গোছানোর অংশ হিসেবে কয়েকটি খেলোয়াড় বিনিময়ও করেছে হায়দরাবাদ। লেগ স্পিনার জিশান আনসারিকে ছেড়ে দিল্লি ক্যাপিটালস থেকে বাঁহাতি পেসার টি নটরাজনকে দলে নিয়েছে তারা। পাশাপাশি চেন্নাই সুপার কিংসের কাছ থেকে পেসার খলিল আহমেদ ও নাথান এলিসকে পেয়েছে হায়দরাবাদ। বিনিময়ে লিয়াম লিভিংস্টোন ও জ্যাক এডওয়ার্ডসকে ছেড়ে দিয়েছে দলটি।

এ ছাড়া ৪ কোটি রুপির বিনিময়ে হার্শাল প্যাটেলকে গুজরাট টাইটানসের কাছে ছেড়ে দেওয়ারও কথা রয়েছে হায়দরাবাদের।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত