উইকেটের পেছনে কারিশমা দেখিয়ে লিটনের বিশ্বরেকর্ড
উইকেটের পেছনে আটটি উইকেট শিকারে ভূমিকা রেখেছেন লিটন দাস। ছবি: ক্রিকইনফো
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের চতুর্থ দিনে টেস্ট ক্রিকেটের ইতিহাসে অনন্য এক বিশ্বরেকর্ড নিজের করে নিলেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাস। উইকেটের পেছনে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের নতুন বিশ্বরেকর্ড এখন শুধু তার একার দখলে।
চতুর্থ দিনের খেলায় মেহেদী হাসান মিরাজের বলে স্টাম্পিংয়ের শিকার হন থিতু হওয়া ব্যাটার রায়ান রিকেলটন। এর মাধ্যমে কাগিসো রাবাদার সঙ্গে রিকেলটনের গড়া ১১৭ রানের বিপজ্জনক জুটিটি ভাঙার পাশাপাশি ইনিংসে নিজের সপ্তম ডিসমিসাল পূর্ণ করেন লিটন। এরপর কাগিসো রাবাদা পরপর দুই বলে দুটি ছক্কা হাঁকানোর চেষ্টা করে পরের বলেই স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন। রাবাদাকে ফিরিয়ে এই ইনিংসে লিটনের মোট ডিসমিসাল সংখ্যা দাঁড়ায় ৮টিতে, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে বিশ্বরেকর্ড। এর আগে ৬টি ক্যাচ ও ১টি স্টাম্পিংয়ের পর রাবাদাকে স্টাম্পিং করে এই একক রেকর্ড গড়ে নেন তিনি।
টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে এক ইনিংসে ৭ ডিসমিসালের রেকর্ড এতদিন পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস ও জশুয়া দা সিলভার দখলে যৌথভাবে ছিল। এবার সবাইকে ছাড়িয়ে এককভাবে সেই অভিজাত ক্লাবের শীর্ষে নাম লেখালেন লিটন দাস।
বিভি/একেএমএসকে/এজেড













মন্তব্য করুন: