• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ফিফা র‍্যাংকিংয়ে মরক্কোর ইতিহাস, ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কোথায়?

প্রকাশিত: ১৬:৩৮, ১৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:৩৯, ১৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ফিফা র‍্যাংকিংয়ে মরক্কোর ইতিহাস, ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কোথায়?

ছবি: সংগৃহীত

ফিফার সর্বশেষ বিশ্ব র‍্যাংকিংয়ে নতুন ইতিহাস গড়েছে মরক্কো। প্রথমবারের মতো বিশ্বসেরা পাঁচ দলের তালিকায় জায়গা করে নিয়েছে দেশটি। আরব দেশগুলোর মধ্যে এর আগে কোনো দল এই কীর্তি গড়তে পারেনি।

বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত ফিফার আনুষ্ঠানিক র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠেছে মরক্কো। আফ্রিকার দ্বিতীয় দল হিসেবে সেরা পাঁচে স্থান করে নিলো তারা; এর আগে ১৯৯৪ সালের এপ্রিলে পঞ্চম স্থানে উঠেছিলো নাইজেরিয়া।

২০২২ কাতার বিশ্বকাপে সেমিফাইনালে খেলে চমক দেখানোর পর থেকেই আন্তর্জাতিক ফুটবলে ধারাবাহিক পারফরম্যান্স ধরে রেখেছে মরক্কো। সর্বশেষ র‍্যাংকিংয়ে তাদের এই অগ্রযাত্রায় বড় ভূমিকা রেখেছে আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে নাইজারের বিপক্ষে ১-০ গোলের জয়।

এদিকে ইংল্যান্ডের কাছে ৩-২ গোলে হারলেও ২০০০.৪৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। ১৯৬৬.১৩ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলের বড় জয় এবং স্পেনের হারের কারণে শীর্ষ দলের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে এনেছে লিওনেল মেসির দল।

র‍্যাংকিংয়ে ১৯৫০.৮২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ফ্রান্স। স্পেনকে হারিয়ে এক ধাপ এগিয়ে চারে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড, তাদের পয়েন্ট ১৯৩৮.৯০। পঞ্চম স্থানে মরক্কোর পর ষষ্ঠ স্থানে পর্তুগাল এবং সপ্তম স্থানে অবস্থান করছে ব্রাজিল। এ ছাড়া অষ্টম বেলজিয়াম, নবম নেদারল্যান্ডস এবং দশম স্থানে রয়েছে কলম্বিয়া।

অন্যদিকে এক ধাপ পিছিয়ে ২৬তম স্থানে নেমে গেছে মিশর। ২০২৭ আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে মালাবির বিপক্ষে গোলশূন্য ড্র করায় তাদের ৮.৯৮ রেটিং পয়েন্ট কমেছে। তবে আফ্রিকার দেশগুলোর মধ্যে মরক্কো ও সেনেগালের পর তৃতীয় এবং আরব দেশগুলোর মধ্যে মরক্কোর পর দ্বিতীয় স্থানে রয়েছে মিশর।

আরব দেশগুলোর মধ্যে তৃতীয় স্থানে থাকা আলজেরিয়া বিশ্ব র‍্যাংকিংয়ে ২৮তম স্থানে আছে। তালিকার অন্য আরব দেশগুলোর মধ্যে সৌদি আরব ৫৪তম, তিউনিসিয়া ৫৯তম, কাতার ৬০তম, ইরাক ৬৩তম, সংযুক্ত আরব আমিরাত ৬৭তম ও জর্ডান ৭২তম স্থানে রয়েছে।

এ ছাড়া ওমান ৮০তম, সিরিয়া ৮৮তম, ফিলিস্তিন ৯২তম, বাহরাইন ৯৭তম, কমোরোস ১০৭তম, মৌরিতানিয়া ১১০তম, লেবানন ১১২তম, লিবিয়া ১১৩তম, কুয়েত ১৩২তম ও ইয়েমেন ১৪৭তম স্থানে অবস্থান করছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত