পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ রিজওয়ান-সাইমসহ ১৩ ক্রিকেটার
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে বড় ধরনের রদবদল এসেছে। আগের মৌসুমের চুক্তিতে থাকা মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ ও সাইম আইয়ুবসহ ১৩ ক্রিকেটার এবার জায়গা হারিয়েছেন। অন্যদিকে, নতুন কাঠামোয় টেস্ট ও ওয়ানডে- এই দুই সংস্করণের চুক্তি পেয়েছেন কেবল বাবর আজম ও সালমান আলী আগা।
শনিবার (২১ নভেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে ২০২৬-২৭ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে পিসিবি। জাতীয় দলের প্রধান কোচ মাইক হেসন ও হাই পারফরম্যান্স বিভাগের পরিচালক আকিব জাভেদ নতুন চুক্তির বিস্তারিত তুলে ধরেন। এবার মোট ৩৮ ক্রিকেটারকে চুক্তির আওতায় আনা হয়েছে, যেখানে আগের মৌসুমে ছিলেন ৩০ জন। নতুন চুক্তির মেয়াদ আগামী বছরের ৩০ জুন পর্যন্ত।
এবারের তালিকায় সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত রিজওয়ানকে বাদ দেওয়া। ২০২৪-২৫ মৌসুমে বাবরের সঙ্গে সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। গত মৌসুমে দুজনকেই ‘বি’ ক্যাটাগরিতে নামিয়ে আনা হলেও নতুন চুক্তিতে বাবর জায়গা ধরে রেখেছেন, কিন্তু কোনো বিভাগেই রাখা হয়নি রিজওয়ানকে।
রিজওয়ানের পাশাপাশি বাদ পড়েছেন সাবেক টেস্ট অধিনায়ক শান মাসুদও। গত মৌসুমে ‘বি’ ক্যাটাগরিতে থাকা তরুণ ওপেনার সাইম আইয়ুব এবং অভিজ্ঞ পেসার হাসান আলীও নতুন চুক্তি পাননি।
বাদ পড়া অন্য ক্রিকেটাররা হলেন- আবদুল্লাহ শফিক, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, নোমান আলী, হুসেইন তালাত, খুররম শাহজাদ, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। সব মিলিয়ে আগের মৌসুমের চুক্তিতে থাকা ১৩ জন এবার ছিটকে গেছেন।
তবে কেবল ক্রিকেটারদের অন্তর্ভুক্তি বা বাদ পড়াই নয়, কেন্দ্রীয় চুক্তির পুরো কাঠামোই বদলে দিয়েছে পিসিবি। প্রচলিত ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ গ্রেডিংয়ের বদলে চালু করা হয়েছে সংস্করণভিত্তিক পাঁচটি বিভাগ। এগুলো হলো- টেস্ট ও ওয়ানডে, শুধু টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি, শুধু টি-টোয়েন্টি এবং উদীয়মান বা ডেভেলপমেন্ট ক্যাটাগরি। তবে, এবার তিন সংস্করণের চুক্তি পাননি কোনো ক্রিকেটারই।
টেস্ট ও ওয়ানডে চুক্তি পাওয়া বাবর আজম সম্প্রতি টেস্ট অধিনায়কত্বে ফিরে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ ব্যবধানে সিরিজ জিতেছেন, যা দুই বছরের বেশি সময় পর পাকিস্তানের প্রথম টেস্ট সিরিজ জয়। অন্যদিকে, কয়েক মাস আগেও টি-টোয়েন্টি অধিনায়ক থাকা সালমান আলী আগা নতুন চুক্তিতে সংক্ষিপ্ত সংস্করণে জায়গা পাননি। বর্তমানে টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাহিবজাদা ফারহান।
শুধু টেস্টের চুক্তি পেয়েছেন আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সৌদ শাকিল। ওয়ানডে ও টি-টোয়েন্টির যৌথ চুক্তিতে রয়েছেন আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, ফাহিম আশরাফ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।
শুধু টি-টোয়েন্টির চুক্তি পেয়েছেন সাত ক্রিকেটার- হাসান নওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান ও উসমান তারিক।
সব মিলিয়ে মূল চারটি সংস্করণভিত্তিক বিভাগে রয়েছেন ১৯ ক্রিকেটার। বাকি ১৯ জন জায়গা পেয়েছেন নতুন ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে। তাঁদের মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলা রাজাউল্লাহ, তৈয়ব আরিফ, মোহাম্মদ তাহা, গাজি ঘোরি ও সাকিব খানের পাশাপাশি রয়েছেন সাদ বেগ, আলী রেজা, হুনাইন শাহ, উবায়েদ শাহ, সামির মিনহাস ও সুফিয়ান মুকিমের মতো উদীয়মান ক্রিকেটাররা। নতুনদের সুযোগ দিয়ে ভবিষ্যতের জন্য শক্তিশালী দল গড়ার লক্ষ্যেই এই বিভাগ রাখা হয়েছে।
আকিব জাভেদ জানান, নির্বাচক ও কোচিং স্টাফের সঙ্গে আলোচনা করেই নতুন তালিকা চূড়ান্ত করা হয়েছে। আগামী জুনের মধ্যে কোন ক্রিকেটার কোন সংস্করণে দলের পরিকল্পনায় থাকবেন, সেটিকে প্রাধান্য দেওয়া হয়েছে।
প্রধান কোচ মাইক হেসনের মতে, সংস্করণভিত্তিক চুক্তির ফলে ক্রিকেটাররা নিজেদের ভূমিকা নিয়ে আরও স্পষ্ট ধারণা পাবেন। পাশাপাশি নির্দিষ্ট সংস্করণের প্রস্তুতি ও ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণের পরিকল্পনাও সহজ হবে।
নতুন চুক্তিতে ক্রিকেটারদের আর্থিক সুবিধা বাড়ানোর কথাও জানিয়েছে পিসিবি, যদিও কোন বিভাগে কত পারিশ্রমিক দেওয়া হবে বা কত শতাংশ বেড়েছে, তা প্রকাশ করা হয়নি।
এদিকে, চুক্তি থেকে বাদ পড়লেও রিজওয়ানের জাতীয় দলে ফেরার পথ বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন আকিব জাভেদ। তার ভাষায়, কেন্দ্রীয় চুক্তি ও জাতীয় দলে নির্বাচন দুটি আলাদা বিষয়; প্রয়োজনে চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদেরও দলে নিতে পারবেন নির্বাচকেরা। ফলে রিজওয়ানের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে- এমন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। তবে একসময় সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা এই তারকার বাদ পড়া পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তনেরই ইঙ্গিত দিচ্ছে।
বিভি/এসকে/পিএইচ













মন্তব্য করুন: