জার্সি র্যাংকিয়ে মেসিকে পেছনে ফেললেন রোনালদো!
ফুটবলে জার্সি নম্বর কখনো কখনো একজন খেলোয়াড়ের পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। ৭ নম্বর বলতেই যেমন অনেকের চোখে ভেসে ওঠে ক্রিশ্চিয়ানো রোনালদোর ছবি, তেমনি ১০ নম্বর মানেই লিওনেল মেসি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের করা জার্সি নম্বরভিত্তিক এক বিশেষ তালিকায় দেখা গেছে ভিন্ন চিত্র। ৭ নম্বর জার্সির সেরা খেলোয়াড় হিসেবে জায়গা পেলেও ১ থেকে ৫০—এই ঘরগুলোর কোনো নম্বরেই স্থান পাননি মেসি।
১ থেকে ৫০ পর্যন্ত প্রতিটি জার্সি নম্বরের জন্য একজন করে পুরুষ ফুটবলারকে বেছে নিয়েছে দ্য গার্ডিয়ান। এটি সর্বকালের সেরা ফুটবলারদের কোনো র্যাঙ্কিং নয়; বরং কোনো ফুটবলার নির্দিষ্ট একটি জার্সি নম্বর কত দিন পরেছেন, সেটি গায়ে জড়িয়ে কী অর্জন করেছেন, কেন নম্বরটি বেছে নিয়েছিলেন এবং নম্বরটি তার পরিচয়ের সঙ্গে কতটা মিশে গেছে; এসব মানদণ্ড বিবেচনায় নেওয়া হয়েছে।
৭ নম্বর জার্সির ক্ষেত্রে ব্রাজিলের কিংবদন্তি গারিঞ্চার নামও আলোচনায় ছিল, যিনি ১৯৬২ বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের সময় এই নম্বর পরেছিলেন। তবে শেষ পর্যন্ত ৭ নম্বর জার্সির জন্য রোনালদোকেই বেছে নিয়েছে সংবাদমাধ্যমটি।
এর পেছনে বড় ভূমিকা রেখেছে রোনালদোর ‘সিআর৭’ ব্র্যান্ড। সুগন্ধি, জুতা, হোটেল থেকে শুরু করে ফিটনেস অ্যাপসহ নানা খাতে ছড়িয়ে আছে এই ব্র্যান্ড। ২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর স্যার অ্যালেক্স ফার্গুসনই তাকে ৭ নম্বর জার্সি পরতে উৎসাহিত করেছিলেন। রোনালদোকে এই জার্সির সবচেয়ে বিখ্যাত ধারক হিসেবেও উল্লেখ করেছে দ্য গার্ডিয়ান।
অন্যদিকে ১০ নম্বর জার্সির জন্য মেসি অন্যতম শক্তিশালী দাবিদার থাকলেও পেলে ও ফেরেঙ্ক পুসকাসের সঙ্গে তাকে পেছনে ফেলে আর্জেন্টিনার আরেক কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে বেছে নিয়েছে সংবাদমাধ্যমটি। দ্য গার্ডিয়ানের যুক্তি, ১০ নম্বর জার্সি ম্যারাডোনার নিজস্ব পরিচয়ের অংশ হয়ে উঠেছিল।
তালিকায় ঐতিহাসিক কিংবদন্তিদের পাশাপাশি বর্তমান সময়ের ফুটবলারদেরও রাখা হয়েছে। জাতীয়তার হিসাবে ইউরোপীয় ফুটবলারদের আধিপত্যই বেশি; সবচেয়ে বেশি নয়জন খেলোয়াড় নিয়ে এগিয়ে রয়েছে ইতালি, এরপর ইংল্যান্ডের সাতজন এবং ব্রাজিলের পাঁচজন খেলোয়াড় জায়গা পেয়েছেন।
এমন তালিকা নিয়ে সমর্থকদের মধ্যে ভিন্নমত থাকা স্বাভাবিক। দ্য গার্ডিয়ানও জানিয়েছে, এই বাছাই অনেকটাই ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি ও মতামতনির্ভর, যার লক্ষ্য জার্সি নম্বরের সঙ্গে খেলোয়াড়দের পরিচয় ও অর্জনের সম্পর্ক তুলে ধরা। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, রোনালদো ও মেসি দুজনের কেউই এখন আর জাতীয় দলের হয়ে খেলছেন না, তবে ক্লাব ফুটবলে এখনো সক্রিয় আছেন দুজনই।
সূত্র: হোলা
বিভি/এসকে/পিএইচ













মন্তব্য করুন: