রাইজিং স্টার্স ক্রিকেট
সেমিফাইনালে আজ মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান
এশিয়া কাপ রাইজিং স্টার্স ক্রিকেটের ফাইনালে চোখ রেখে আজ শুক্রবার (২৭ নভেম্বর) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান ‘এ’ দল। কাতারের দোহায় বাংলাদেশ সময় বিকাল চারটায় মাঠে গড়াবে দুই দলের লড়াই। বিজয়ী দল রবিবার শিরোপার লড়াইয়ে শ্রীলংকা ‘এ’ দলের মোকাবেলা করবে।
দোহায় ৮ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ ও শ্রীলংকা ‘এ’ গ্রুপে আর ভারত ও পাকিস্তান ‘বি’ গ্রুপে খেলে সেমিফাইনালে উঠেছে। গ্রুপে বাংলাদেশ হংকংকে ৮ উইকেটে হারিয়ে শুভ সূচনা করে। প্রতিপক্ষের ৮ উইকেটে করা ২১৯ রান ৪১ ওভারে দুই উইকেট হারিয়ে টপকে যায় সাইফ হাসানের দল।
দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলকে ১৭৪ রানে অলআউট করে এক উইকেটের জয় পায় বাংলাদেশ। ৪৪ ওভারের শেষ বলে ১৬২ রানে নবম উইকেট হারিয়ে পরের ওভারের পঞ্চম বলে জয়ের নাগাল পর রিপন মন্ডল এবং ইকবাল হোসেন ইমন।
শ্রীলংকা ‘এ’ দলের বিপক্ষে ব্যাটিংটা একদমই ভালো হয়নি সাইফদের। ৪২ ওভার পাঁচ বলে ১৪৫ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশের হারটা হয় ৭ উইকেটে। শ্রীলংকা গ্রুপ চ্যাম্পিয়ন, বাংলাদেশে রানার্সআপ হয়ে সেমিফাইনালে ওঠে।
‘বি’ গ্রুপে পাকিস্তান ‘এ’ দল শীর্ষস্থান পায় ভারত ‘এ’ দলকে ৪৮ রানে হারিয়ে। চির প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে আবদুল সামাদের চার বল আগে ৩১৩ রানে অলআউট হওয়ার জবাবে তিলক বর্মা, অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশীদের ইনিংস শেষ হয় ৪৯ ওভার এক বলে ২৬৫ রানে। দুই দলই নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিতেছে নিজেদের ম্যাচ।
বিভি/এমআর













মন্তব্য করুন: