দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর ‘গ্র্যান্ড প্রাইজ’ জিতলেন ময়মনসিংহের ফাহিম
বিজয়ী অন্য দুজনের সাথে মঞ্চে ময়মনসিংহের ফাহিম (সবার ডানে)
দক্ষিণ কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা "২০২৬ অ্যাংকর বিদেশি শিক্ষার্থী কর্ম-অভিজ্ঞতার গল্প প্রতিযোগিতা" (2026 ANCHOR International Student Work Experience Story Contest)-এ সর্বোচ্চ পুরস্কার 'গ্র্যান্ড প্রাইজ' (대상) জিতেছেন ময়মনসিংহের মো. মোস্তাফিজুর রহমান ফাহিম। শিক্ষামন্ত্রী পুরস্কার হিসেবে দেওয়া এই গ্র্যান্ড প্রাইজটি প্রতিযোগিতায় দেওয়া ১৬টি পুরস্কারের মধ্যে সর্বোচ্চ।
৩০ সেপ্টেম্বর ২০২৬ গিয়ংগি প্রদেশের ইলসানে কিনটেক্স (KINTEX) প্রদর্শনী কেন্দ্রে "২০২৬ শিল্প-শিক্ষা-গবেষণা সহযোগিতা এক্সপো" (2026 산학연협력 EXPO)-র উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন মঞ্চে ফাহিমের হাতে পুরস্কারের সনদ তুলে দেন।
ফাহিম বুসানের কিয়ংসুং বিশ্ববিদ্যালয় (Kyungsung University) থেকে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেছেন। আট সেমিস্টারের কোর্স তিনি শেষ করেছেন সাত সেমিস্টারেই।
প্রতিযোগিতায় ফাহিম তুলে ধরেন কোরিয়ায় তাঁর পড়াশোনা, নেতৃত্ব ও কর্মজীবনের গল্প। পড়াশোনার পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যালয়ে দুই বছর খণ্ডকালীন কাজ করেছেন। এক বছর শিক্ষার্থী প্রতিনিধি এবং এক বছর আন্তর্জাতিক শিক্ষার্থী সংগঠনের (International Student Union) সভাপতির দায়িত্ব পালন করেছেন, পেয়েছেন একাধিক পুরস্কার। বুসানের একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ থেকে তিনি সেখানে স্থায়ী চাকরি পান। বর্তমানে তিনি পেশাজীবী ভিসায় (E-7-1) কোরিয়ায় কর্মরত।
পুরস্কার পেয়ে ফাহিম বলেন, "বাংলাদেশি হিসেবে এই পুরস্কার পেয়ে আমি গর্বিত। এই অর্জন আমার পরিবার, শিক্ষক এবং পথচলায় যাঁরা পাশে ছিলেন, তাঁদের সবার। আশা করি, আমার গল্প বাংলাদেশের তরুণদের সাহস দেবে যে পরিশ্রম করলে পৃথিবীর যেকোনো জায়গায় সফল হওয়া সম্ভব।"
বিভি/এজেড













মন্তব্য করুন: