• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

হিমালয়ের লবুচে ইস্ট জয় করলেন বাংলাদেশের তিন পর্বতারোহী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩০, ১৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
হিমালয়ের লবুচে ইস্ট জয় করলেন বাংলাদেশের তিন পর্বতারোহী

নেপালের ৬ হাজার ১১৯ মিটার উচ্চতার লবুচে ইস্ট পর্বতশৃঙ্গ জয় করেছেন বাংলাদেশের তিন পর্বতারোহী। বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের (বিএমটিসি) সদস্য প্রকৌশলী কাওছার রূপক, ডা. শাহনাজ আক্তার ও শামীম সাব্বির গত ১৪ নভেম্বর সফলভাবে পর্বতটির চূড়ায় পৌঁছান।

বিখ্যাত নেপালি পর্বতারোহী ও গাইড তাশি গ্যালজেন শেরপার নেতৃত্বে পরিচালিত হয় ‘লবুচে ইস্ট অভিযান ২০২৬’। অভিযানে অংশ নিতে দলের সদস্যরা বিভিন্ন সময়ে ঢাকা থেকে নেপালের উদ্দেশে রওনা হন। ৭ নভেম্বর ফাকদিংয়ে একত্র হওয়ার পর শুরু হয় মূল যাত্রা।

নামচে বাজার, ফোর্চে, ডিংবোচে ও থুকলা হয়ে কয়েক দিনের দুর্গম পথ পাড়ি দিয়ে ১৩ নভেম্বর ৫ হাজার ২০০ মিটার উচ্চতার লবুচে হাই ক্যাম্পে পৌঁছান তাঁরা।

পরদিন ১৪ নভেম্বর রাত ১টা ৪০ মিনিটে শুরু হয় চূড়ান্ত আরোহণ। হেডল্যাম্পের আলোয় পাথুরে ও বরফে ঢাকা খাড়া পথ অতিক্রম করেন পর্বতারোহীরা। এ সময় ফিক্সড রোপ ও জুমারের সহায়তায় এগিয়ে যান তাঁরা। দীর্ঘ ও কঠিন পথ পেরিয়ে সকাল ৬টায় প্রথমে শৃঙ্গের চূড়ায় পৌঁছান প্রকৌশলী কাওছার রূপক। পরে সকাল ৮টার দিকে চূড়ায় আরোহণ সম্পন্ন করেন ডা. শাহনাজ আক্তার ও শামীম সাব্বির।

তিন পর্বতারোহীরই রয়েছে উচ্চ পর্বত আরোহণের অভিজ্ঞতা। কাওছার রূপক এর আগে আমা দাবলামসহ ৬ হাজার মিটারের বেশি উচ্চতার একাধিক পর্বতশৃঙ্গ জয় করেছেন। ডা. শাহনাজ আক্তার ২০২৫ সালে ৬ হাজার ৪৭৬ মিটার উচ্চতার মেরা পিক আরোহণ করেন। অন্যদিকে, শামীম সাব্বির ২০১২ সালে পর্বতারোহণের প্রাথমিক প্রশিক্ষণ নেন। পরে ভারতের ৬ হাজার ২৫০ মিটার উচ্চতার কাং ইয়াতসে-২ শৃঙ্গেও সফলভাবে আরোহণ করেন।

তিন সদস্যের সফল আরোহণের মধ্য দিয়ে বিএমটিসির ‘লবুচে ইস্ট অভিযান ২০২৬’ সম্পন্ন হয়েছে। এই সাফল্য দেশের পর্বতারোহণের অগ্রযাত্রায় নতুন একটি অর্জন হিসেবে যুক্ত হলো।

বিভি/এএ/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত