ইউআইটিএসে হাল্ট প্রাইজ ক্যাম্পাস রাউন্ড গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
বিশ্বের সর্ববৃহৎ শিক্ষার্থীভিত্তিক সামাজিক উদ্যোক্তা প্রতিযোগিতা হাল্ট প্রাইজ- যা “শিক্ষার্থীদের নোবেল পুরস্কার” নামেও পরিচিত- এর ক্যাম্পাস রাউন্ড গ্র্যান্ড ফিনালে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
জানা যায়, ২০০৯ সালে জাতিসংঘের অংশীদারত্বে হাল্ট ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল কর্তৃক চালু হওয়া এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সামাজিক ও পরিবেশগত বৈশ্বিক সমস্যার সমাধানে লাভজনক ও প্রভাবশালী ব্যবসায়িক উদ্যোগ উপস্থাপন করে। ইউআইটিএস ক্যাম্পাস রাউন্ডে অংশগ্রহণকারী দলগুলো তাদের উদ্ভাবনী ও সামাজিক দায়বদ্ধতাসম্পন্ন ব্যবসায়িক ধারণার মাধ্যমে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে।
চূড়ান্ত পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন কাজী আকিব আনাফ, ম্যানেজার (গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট), সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, ব্র্যাক ইউনিভার্সিটি; নরগিস আখতার, এইচআর বিজনেস পার্টনার ও এমপ্লয়ি এক্সপেরিয়েন্স লিড, কোটস বাংলাদেশ এবং অপরাজিতা বড়ুয়া, এইচআর ডিরেক্টর, ইনফিনিটিবিট, গ্রুপবিট।
হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা শেষে ‘ইউআইটিএস হাল্ট_ফ্রি ফল’ দলটি ক্যাম্পাস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ‘ইউআইটিএস হাল্ট_পেল্টিয়ার্স’ দল প্রথম রানার্সআপ এবং ‘ইউআইটিএস_স্ক্র্যাপ ভেঞ্চার’ দল দ্বিতীয় রানার্সআপ হিসেবে নির্বাচিত হয়।
উপস্থাপনা পর্ব শেষে নেক্সটজবজ লিমিটেডের উদ্যোগে “ডিগ্রি টু ডিরেকশন: এজ অব এআই, ডাটা অ্যান্ড কম্পিটিশনে ক্যারিয়ার রেডিনেস” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন মো. মেহনাজউদ্দিন রুপম, হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন, আমান বাংলাদেশ লিমিটেড।
গ্র্যান্ড ফিনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস-এর উপাচার্য প্রফেসর ড. মো. আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস-এর ট্রেজারার প্রফেসর ড. সিরাজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইটিএস আইকিউএসি-এর পরিচালক ও ইউআইটিএস ইনোভেশন হাবের ফোকাল পয়েন্ট প্রকৌশলী মো. সাফায়েত হোসেন।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেক্সটজবজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার মি. শোয়েব হাসান। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবন, নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে হাল্ট প্রাইজের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মের গুরুত্ব তুলে ধরেন।
ক্যাম্পাস রাউন্ডের বিজয়ী দলগুলো এখন হাল্ট প্রাইজের আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে। সেখানে তারা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দলের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে টেকসই ও কার্যকর সমাধান উপস্থাপন করবে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: