• NEWS PORTAL

  • সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

এক যুগ পর প্রকাশিত তারিক চয়নের বই ‘অবিসংবাদিত তারেক রহমান’

প্রকাশিত: ১০:৪০, ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১০:৪০, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
এক যুগ পর প্রকাশিত তারিক চয়নের বই ‘অবিসংবাদিত তারেক রহমান’

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে গুণীজনদের লেখা প্রবন্ধসমূহের সংকলন নিয়ে প্রায় ১৩ বছর আগে একটি বই সম্পাদনা করেছিলেন তৎকালীন সাংবাদিক ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতা এবং বর্তমানে ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়ন। নানা প্রতিকূলতার কারণে দীর্ঘদিন বইটি প্রকাশ করা সম্ভব না হলেও অবশেষে তা আলোর মুখ দেখেছে।

‘অবিসংবাদিত তারেক রহমান’ শীর্ষক বইটির মুখবন্ধ লিখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ।

বিষয়টি নিশ্চিত করেছেন তারিক চয়ন নিজেই। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে তিনি বিষয়টি জানিয়ে লেখেন—

“মোড়ক উন্মোচনের ইচ্ছে ছিল প্রিয় সুধীজনদের সম্মিলনে, অমর একুশে গ্রন্থমেলায়। কিন্তু ঘটনাপ্রবাহ সব সময় পরিকল্পনামতো এগোয় না।

এক যুগেরও আগে (২০১৩ সালে) জনাব তারেক রহমানকে নিয়ে কয়েকজন লেখক, চিন্তক ও রাজনীতিবিদের লেখা প্রবন্ধ সংগ্রহ করেছিলাম। সে সময়ের বৈরী রাজনৈতিক বাস্তবতার মধ্যেও বইটি প্রকাশের প্রবল আকাঙ্ক্ষা ছিল। উদ্দেশ্য ছিল অবদমন, নিগ্রহ, নিষ্পেষণ ও মিথ্যাচারের সংস্কৃতিকে অতিক্রম করে তারেক রহমান যে সার্বিক উন্নয়নমুখী রাজনীতি অনুসরণ করে চলেছেন, তা জনপরিসরে তুলে ধরা।

বছরের পর বছর ধরে চলা দুঃশাসনের মধ্যেও তার অহিংস ও ইতিবাচক রাজনৈতিক দর্শন ও কর্মপরিকল্পনার বিশ্লেষণ বাংলাভাষী পাঠকদের সামনে উপস্থাপন করাই ছিল লক্ষ্য।”

তিনি আরও লেখেন, বহু বাধার কারণে প্রবন্ধ সংকলনটি এক যুগেরও বেশি সময় অপ্রকাশিত ছিল। ফ্যাসিস্ট শাসনের অবসানের পর অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের আয়োজন করছে, তারেক রহমানও ১৭ বছর পর দেশে ফিরে লাখো-কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বইটি প্রকাশের ইচ্ছা থাকলেও তাৎক্ষণিকভাবে সম্ভব না হওয়ার কারণ ব্যাখ্যা করে তারিক চয়ন লেখেন—

“দেশে ফিরেই তিনি মাকে হারালেন। শোকের সাগরে নিমজ্জিত জাতির এমন সময়ে গত প্রায় ছয় মাস ধরে প্রস্তুত করা বইটি প্রকাশ করার মানসিকতা ছিল না।

দুই দিন পর নির্বাচন। ব্যস্ত সময়ের মধ্যেই প্রকাশনার কাজ শেষ করে বইটি হাতে এলো এমন এক সময়ে, যখন সমগ্র জাতি ভোটাধিকার প্রয়োগের জন্য উদগ্রীব। কিন্তু তারেক রহমান আবেগে ভেসে যাননি—তিনি কথা বলছেন দেশ ও জাতির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে।

বইটির লেখাগুলো ১৩ বছর আগের হলেও তার পরিকল্পনা ও সদিচ্ছাগুলো যে দীর্ঘদিন ধরে লালিত, তার প্রামাণ্য দলিল এই বইয়ের প্রবন্ধসমূহ।”

তিনি জানান, এই প্রাসঙ্গিক সময়ে বইটি প্রকাশের বিষয়ে অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদের সঙ্গে আলোচনা করলে তিনি ব্যস্ততার মাঝেও বইটির মুখবন্ধ লিখে দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

খুব শিগগিরই একটি প্রকাশনা অনুষ্ঠান ও সেমিনারের মাধ্যমে বইটির লেখক, চিন্তক ও রাজনীতিবিদদের সঙ্গে পাঠকদের সংযোগ ও মতবিনিময়ের আয়োজন করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারিক চয়ন।

উল্লেখ্য, শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে রচিত ‘লুণ্ঠিত ভবিষ্যৎ’ বইয়ের আলোচিত অনুসন্ধানী নিবন্ধ ‘অর্থ পাচার’-এর লেখকও তারিক চয়ন। ওই লেখায় তিনি তথ্য-উপাত্ত ও যুক্তিসহ দেশ থেকে বিপুল অর্থ বিদেশে পাচারের চিত্র তুলে ধরেছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: