• NEWS PORTAL

  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, নতুন কোটা ও আবেদন প্রক্রিয়া প্রকাশ

প্রকাশিত: ২২:২৮, ৪ অক্টোবর ২০২৬

আপডেট: ২২:২৯, ৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, নতুন কোটা ও আবেদন প্রক্রিয়া প্রকাশ

ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। কৃষি, পর্যটন, নির্মাণসহ বিভিন্ন খাতে কর্মী নিয়োগের জন্য নতুন কোটা ও আবেদন প্রক্রিয়া প্রকাশ করেছে দেশটির সরকার।

সম্প্রতি ইতালির স্বরাষ্ট্র, শ্রম, কৃষি ও পর্যটন মন্ত্রণালয়ের যৌথ সার্কুলারে কর্মী প্রবেশের কোটা, আবেদন এবং যাচাই-বাছাইয়ের বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আগামী ২৩ অক্টোবর সকাল ৯টা থেকে ৭ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন পোর্টালে আবেদন ফরম পূরণ করা যাবে। তবে ফরম পূরণ করলেই আবেদন সম্পন্ন হবে না। নির্ধারিত ‘ক্লিক ডে’-তে আবেদন চূড়ান্তভাবে জমা দিতে হবে।

খাতভেদে আবেদন জমা দেওয়ার জন্য চারটি তারিখ নির্ধারণ করা হয়েছে। কৃষি খাতের মৌসুমি কর্মীদের আবেদন জমা হবে ১২ জানুয়ারি, পর্যটন খাতের মৌসুমি কর্মীদের ৯ ফেব্রুয়ারি, অমৌসুমি কর্মীদের ১৬ ফেব্রুয়ারি এবং পারিবারিক সহায়তা খাতের কর্মীদের আবেদন জমা দেওয়ার দিন ১৮ ফেব্রুয়ারি।

কোন খাতে কত কোটা

২০২৭ সালের মোট কোটার মধ্যে কৃষি ও পর্যটন খাতের মৌসুমি কর্মীদের জন্য রাখা হয়েছে ৮৯ হাজার কোটা। অমৌসুমি চাকরির জন্য রয়েছে ৭৬ হাজার ২০০টি কোটা। আর স্বনিয়োজিত কর্মীদের জন্য বরাদ্দ ৬৫০টি।

নতুন নির্দেশনায় আবেদন যাচাই-বাছাই, নিয়োগকর্তার দায়িত্ব এবং কর্মীদের সঙ্গে চুক্তি সম্পন্ন করার সময়সীমাতেও কিছু পরিবর্তন আনা হয়েছে।

তবে নির্ধারিত কোটা থাকলেই আবেদনকারীর ভিসা নিশ্চিত হবে না। ইতালিতে কর্মী নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে হবে সংশ্লিষ্ট নিয়োগকর্তা অথবা অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে। এরপর ‘নুল্লা ওস্তা’সহ প্রয়োজনীয় অনুমোদন ও যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত কোটায় আসন খালি থাকা সাপেক্ষে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

ইতালিতে বৈধভাবে কাজের সুযোগ প্রত্যাশী বিদেশি নাগরিকদের জন্য নতুন এই কর্মী প্রবেশ কর্মসূচি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। তবে আবেদনকারীদের নির্ধারিত সময়, খাতভিত্তিক কোটা ও প্রয়োজনীয় অনুমোদনের বিষয়গুলো মেনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বিভি/টিটি

মন্তব্য করুন: