• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

জাহাজ চলাচল, শ্রমিকদের বেতন-দ্রব্যমূল্য নিয়ে লাইটারেজ শ্রমিকদের ক্ষোভ

প্রকাশিত: ১৬:৫২, ১ অক্টোবর ২০২৬

আপডেট: ১৬:৫৩, ১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
জাহাজ চলাচল, শ্রমিকদের বেতন-দ্রব্যমূল্য নিয়ে লাইটারেজ শ্রমিকদের ক্ষোভ

চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা, শ্রমিকদের বেতন-মজুরি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। একই সঙ্গে শ্রমিকদের নিয়োগে শ্রম আইন না মানা এবং ন্যূনতম মজুরি বাস্তবায়নে সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছে সংগঠনটি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলনে এসব অভিযোগ ও দাবি তুলে ধরেন বক্তারা।

সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রমিকদের বেতন বাড়ানো, ন্যূনতম মজুরি আদায়ে আইনি সহযোগিতা এবং নিয়োগের সময় নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়ার বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অনেক ক্ষেত্রে নিয়োগপত্র ও পরিচয়পত্র ছাড়াই শ্রমিক নিয়োগ দিয়ে শ্রম আইন লঙ্ঘন করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

বক্তারা আরও বলেন, চট্টগ্রাম বন্দর চ্যানেলে জেলেদের মাছ ধরার জাল ফেলার কারণে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার উপক্রম হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

এ ছাড়া সারাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ায় শ্রমিকদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে বলে সম্মেলনে উল্লেখ করা হয়।

সম্মেলনে মিজানুর রহমানকে সভাপতি ও আখতার হোসেন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করা হয়। পাশাপাশি নবি আলমকে সভাপতি, সৈয়দ শাহাদাত হোসেনকে সাধারণ সম্পাদক ও মো. নিজামুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে নৌ-যান শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন করা হয়।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত