• NEWS PORTAL

  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

পড়াশোনা বন্ধের শঙ্কায় বাড়ি ছেড়েছিল মিনা, পাশে দাঁড়ালো সেনাবাহিনী

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৯, ৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
পড়াশোনা বন্ধের শঙ্কায় বাড়ি ছেড়েছিল মিনা, পাশে দাঁড়ালো সেনাবাহিনী

আর্থিক সংকটে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় অভিমান করে বাড়ি ছেড়ে যাওয়া ১৩ বছর বয়সী স্কুলছাত্রী মিনা চাকমার পাশে দাঁড়িয়েছে মহালছড়ি সেনা জোন। তার পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা সহায়তা দেওয়ার পাশাপাশি মিনার পড়াশোনার যাবতীয় খরচ বহনের ঘোষণা দিয়েছে সেনা জোন কর্তৃপক্ষ।

রবিবার (৪ অক্টোবর) বিকেলে মহালছড়ির ৩ নম্বর ক্যায়াংঘাট ইউনিয়নের করল্যাছড়িমুখ এলাকায় মিনার বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে এই অর্থসহায়তা তুলে দেন সেনা জোনের প্রতিনিধিরা। একই সঙ্গে পরিবারের আর্থিক স্বচ্ছলতার জন্য পরবর্তীতে দুটি ছাগল দেওয়ার কথাও জানানো হয়েছে।

মিনা চাকমা মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে সে। তবে পরিবারের আর্থিক সংকটের কারণে পড়াশোনা চালিয়ে যেতে না পারার আশঙ্কায় গত ২১ সেপ্টেম্বর অভিমান করে বাড়ি থেকে চলে যায়।

পরে বিষয়টি জানতে পেরে মিনার পরিবারের সঙ্গে যোগাযোগ করে মহালছড়ি সেনা জোন। এরপর তার পড়াশোনা চালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় সেনা জোন কর্তৃপক্ষ।

সহায়তা প্রদানকালে সেনা জোনের প্রতিনিধি ক্যাপ্টেন তাহমিদ সামিন, ইউপি চেয়ারম্যান রুপেন্ধু দেওয়ান, ইউপি সদস্য হেমন্ত বিকাশ চাকমা, স্থানীয় কার্বারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মহালছড়ি সেনা জোন কর্তৃপক্ষ জানিয়েছে, পাহাড়ের মানুষের পাশে থেকে ভবিষ্যতেও তাদের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: