এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান এম গাজিউল হক মারা গেছেন
এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান এম গাজিউল হক আর নেই। আজ সোমবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯২ বছর। বাদ মাগরিব রাজধানীর গুলশানে আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।
তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) প্রতিষ্ঠাকালীন পরিচালক ও সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৯৩ সালে ইস্টার্ন ব্যাংকের পরিচালনা পর্ষদে যোগ দেন। এরপর দীর্ঘসময় ব্যাংকটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০০ থেকে ২০০৬ সাল এবং ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত দুই মেয়াদে ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তিনি।
এম গাজিউল হক তার স্ত্রী সুলতানা হক, ছেলে ইবিএলের বর্তমান চেয়ারম্যান আনিস আহমেদ, মেয়ে আনিলা হকসহ আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
১৯৩৪ সালে জন্ম নেওয়া এম গাজিউল হক দেশের নৌ-পরিবহন অবকাঠামো বিকাশে ভূমিকা রাখেন এবং স্থানীয় ব্যবসা ও আন্তর্জাতিক কোম্পানির মধ্যে অংশীদারত্ব গড়ে তুলতে কাজ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ব্রিটিশ কোম্পানি বার্ড অ্যান্ড কোম্পানি লিমিটেডে কর্মজীবন শুরু তার। প্রতিষ্ঠানটির বিভিন্ন পদে দায়িত্ব পালনের পর ১৯৭৬ সালে ব্যবস্থাপনা পরিচালক হন। ১৯৮০ সালে ওই প্রতিষ্ঠান ছেড়ে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেন গাজিউল হক। চট্টগ্রামভিত্তিক নৌপরিবহন কোম্পানি অ্যাকোয়ামেরিন লিমিটেডে অংশীদার হিসেবে যোগ দেন তিনি।
এর এক দশক পর তার অংশীদারের সঙ্গে মিলে কোপেনহেগেনভিত্তিক নৌপরিবহন প্রতিষ্ঠান মার্স্ক লাইনের সঙ্গে যৌথ উদ্যোগে মার্স্ক বাংলাদেশ লিমিটেড গঠন করেন। ১৯৯৭ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তিনি।
নৌপরিবহনের পাশাপাশি ফ্রেইট ফরওয়ার্ডিং, আমদানি-রপ্তানি, বিপণন, ব্যাংকিং, আন্তর্জাতিক ব্যবসায়িক অংশীদারত্ব ও যৌথ উদ্যোগসহ বিভিন্ন খাতে তার ব্যবসায়িক অভিজ্ঞতা ছিল।
১৯৯২ সালে তার ছেলে আনিস আহমেদ এমজিএইচ গ্রুপ প্রতিষ্ঠা করেন। গাজিউল হকের আদ্যক্ষর থেকে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়। বাংলাদেশভিত্তিক একটি ব্যবসা হিসেবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি পরে সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক ব্যবসায়িক গ্রুপে পরিণত হয়।
বর্তমানে ২৬টি দেশে এমজিএইচ গ্রুপের লজিস্টিকস, এভিয়েশন, ভ্রমণ, ভোগ্যপণ্য, স্বাস্থ্যসেবা, মোবিলিটি, আতিথেয়তা, অর্থায়ন, মিডিয়া ও বিমাসহ বিভিন্ন খাতে ব্যবসা রয়েছে।
বিভি/জিএইচএস/টিটি













মন্তব্য করুন: