বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, দেশজুড়ে বৃষ্টির নতুন বার্তা
দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। এরই মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়ার প্রবণতা বাড়তে পারে। তবে ২৪ সেপ্টেম্বরের পর ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমে আসতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
রবিবার (২০ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও আশপাশের এলাকায় থাকা লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থান করছে। লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী হতে পারে।
আগামী কয়েক দিনের পূর্বাভাসে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
সোমবার সন্ধ্যার পরের ২৪ ঘণ্টায় বৃষ্টির বিস্তৃতি আরও বাড়তে পারে। এ সময় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য কয়েকটি বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য কয়েকটি বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। এদিনও খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে দিন ও রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ২৪ সেপ্টেম্বরের পর পাঁচ দিনের শেষ দিকে দেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে।
বিভি/টিটি













মন্তব্য করুন: