• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

গভীর নিম্নচাপের প্রভাব: দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত

প্রকাশিত: ১০:৫৮, ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১১:০২, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
গভীর নিম্নচাপের প্রভাব: দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত

চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মিয়ানমার উপকূলের কাছে অবস্থানরত একটি গভীর নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে আজ থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামীকালও এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তর জানায়, গভীর নিম্নচাপটি মিয়ানমার উপকূল হয়ে বাংলাদেশের চট্টগ্রাম, হাতিয়া ও কক্সবাজার অঞ্চলে প্রভাব ফেলতে পারে। এর প্রভাবে এসব এলাকায় আজ থেকেই ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকালও এর প্রভাব থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর আন্দামান সাগর ও এর কাছাকাছি মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গতকাল মধ্যরাতে একই এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মিয়ানমারের কিয়াইকতো এলাকার ওপর দিয়ে স্থলভাগ অতিক্রম করতে পারে।

গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। নিম্নচাপের কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। অন্যদিকে, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে কোনো সতর্কসংকেত নেই।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগর ও উত্তর বঙ্গোপসাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত