দুর্বল হয়ে উপকূল অতিক্রম করেছে নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল
ফাইল ছবি
মিয়ানমার উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি। এর প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত পুনরায় দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে পূর্বমধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি কিয়াইকতো (Kyaikto) এলাকার কাছ দিয়ে মিয়ানমার উপকূল অতিক্রম করেছে। পরে এটি দুর্বল হয়ে স্থল নিম্নচাপ আকারে মঙ্গলবার সকাল ৬টায় মিয়ানমার ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল।
সকাল ৬টায় নিম্নচাপটির অবস্থান ছিল ১৮ দশমিক ৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৬ দশমিক ০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, স্থল নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। তবে এর প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দর, পূর্বমধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ কারণে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত পুনরায় দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। একই সঙ্গে তাদের উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: