ঝড়-বৃষ্টি নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস
ছবি: সংগৃহীত
সাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই অবস্থায় আজ দেশের ২ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সেই সঙ্গে আগামী পাঁচ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দেশের অভ্যন্তরীণ নদীবন্দর এবং আগামী ১২০ ঘণ্টার আবহাওয়ার পৃথক পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, উত্তর মিয়ানমার, দক্ষিণপূর্ব বাংলাদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে এবং এটি একই এলাকায় অবস্থান করছে। সেই সঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এই অবস্থায় শুক্র ও শনিবার (২-৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট বিভাগের অনেক জায়গায়; বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এর মধ্যে শনিবার সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া এই দুই দিনে সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তিনি আরও জানিয়েছেন, আগামী রবিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি সোমবার (৪ অক্টোবর) একই সময় পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এই দুই দিনে দেশের কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা নেই। তবে এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এ ছাড়া আগামী মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তবে এদিন সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
বিভি/এআই













মন্তব্য করুন: