• NEWS PORTAL

  • রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

ঢাকার চাপ কমাতে টঙ্গী ঘিরে বড় পরিকল্পনা

বাসস

প্রকাশিত: ১১:৫৫, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ঢাকার চাপ কমাতে টঙ্গী ঘিরে বড় পরিকল্পনা

ফাইল ছবি

রাজধানী ঢাকার আবাসন সংকট ও জনসংখ্যার চাপ কমাতে গাজীপুরের টঙ্গীতে নিম্ন আয়ের মানুষের জন্য ২ হাজার ১৪২টি ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। মাসিক ৫ হাজার ৫০০ টাকা ভাড়ায় এসব ফ্ল্যাটে বসবাসের সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

রাজধানীর বাইরে নাগরিক সুযোগ-সুবিধাসম্পন্ন পরিকল্পিত আবাসিক এলাকা গড়ে তোলার মাধ্যমে ঢাকার কেন্দ্রীয় এলাকার ওপর চাপ কমানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। একই সঙ্গে রাজধানীর আশপাশে অপরিকল্পিত নগরায়ণ রোধ করে পরিকল্পিত জনবসতি সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম বলেন, রাজধানীর আবাসনের চাপ কমাতে আশপাশের এলাকায় নাগরিক সুবিধাসম্পন্ন পরিকল্পিত জনবসতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি নিম্ন আয়ের মানুষ যেন সাশ্রয়ী ভাড়ায় উন্নত পরিবেশে বসবাস করতে পারেন, সে লক্ষ্যেও আবাসন প্রকল্প নেওয়া হচ্ছে।

তিনি বলেন, নিম্ন আয়ের মানুষের আবাসনের চাহিদা পূরণে টঙ্গীতে পৃথক উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে ফ্ল্যাট কেনার পরিবর্তে মাসিক ভাড়ায় বসবাসের ব্যবস্থা রাখা হচ্ছে। এতে এককালীন বড় অঙ্কের অর্থ ব্যয় ছাড়াই পরিবারগুলো পরিকল্পিত আবাসনে থাকার সুযোগ পাবে।

প্রকল্পটি গাজীপুর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব ৯৮ দশমিক ১৩ একর জমির মধ্যে প্রথম পর্যায়ে ১৭ দশমিক ০৬ একর জায়গায় বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। এ পর্যায়ে ১৫ তলাবিশিষ্ট ১৭টি আবাসিক ভবন নির্মাণ করা হবে।

প্রতিটি ভবনে ১২৬টি করে মোট ২ হাজার ১৪২টি ফ্ল্যাট থাকবে। প্রতিটি ফ্ল্যাটের আয়তন হবে ৫১৫ বর্গফুট। পরিচালন, রক্ষণাবেক্ষণ ও সংস্কার খরচসহ প্রতিটি ফ্ল্যাটের মাসিক ভাড়া প্রস্তাব করা হয়েছে ৫ হাজার ৫০০ টাকা।

জমির মূল্যসহ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৪৮৮ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়নের প্রস্তাব রয়েছে ১ হাজার ২৭২ কোটি ৬২ লাখ টাকা। প্রকল্পটি ২০২৬ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুনের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

আবাসিক ভবন নির্মাণের পাশাপাশি প্রকল্পে অভ্যন্তরীণ সড়ক, পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, লিফট, সৌরবিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তার ব্যবস্থা রাখা হচ্ছে।

ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের পরিচালক ও নির্বাহী প্রকৌশলী আহমেদ আবদুল্লাহ নূর বলেন, টঙ্গী প্রকল্পের প্রথম পর্যায়ে ২ হাজার ১৪২টি পরিবারের জন্য ভাড়াভিত্তিক আবাসনের পরিকল্পনা রয়েছে। বাসিন্দাদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ও নিরাপত্তাসহ বিভিন্ন অবকাঠামোও প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিকে স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ১৫টি প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পের আওতায় ৬ হাজার ২১৫টি ফ্ল্যাট নির্মাণ এবং ৫৩১টি প্লট উন্নয়নের কাজ চলছে। এর মধ্যে দুটি প্রকল্প সরকারি অর্থায়নে এবং ১৩টি নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। এ ছাড়া নতুন ৯টি প্রকল্পে বরাদ্দের জন্য প্রসপেক্টাস মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

রাজধানীর আবাসন চাপ কমাতে টঙ্গীর দত্তপাড়ায় প্রথম পর্যায়ে ২ হাজার ১৪২টি ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনার পাশাপাশি কেরানীগঞ্জ ও ধামরাইয়ে সেকেন্ডারি সিটি গড়ে তোলার উদ্যোগও রয়েছে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রাজধানীর পাশাপাশি দেশের আট বিভাগের ৩৮টি জেলা ও আটটি উপজেলায় তাদের ৬৬টি হাউজিং এস্টেট রয়েছে। এ পর্যন্ত ৫৩টি প্রকল্পের মাধ্যমে ৬ হাজার ২৪টি প্লট উন্নয়ন এবং ৬ হাজার ৫৭৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।

জেলা ও উপজেলা পর্যায়েও পরিকল্পিত আবাসন সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সংস্থাটি। জমির সুষ্ঠু ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ প্রকল্প গ্রহণের সুবিধার্থে ল্যান্ড ব্যাংক গড়ে তোলার লক্ষ্যে জমিসংক্রান্ত তথ্য ও সংশ্লিষ্ট গেজেট সংগ্রহের কাজ চলছে।

জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে বহুতল আবাসন নির্মাণের পাশাপাশি ভূমিকম্প সহনশীল ভবন, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, জলাধার, সবুজ পার্ক ও উন্মুক্ত স্থান রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্লট উন্নয়ন প্রকল্পে সাধারণ পরিষেবা ও নাগরিক সুবিধার জন্য ৫০ থেকে ৫৫ শতাংশ জমি সংরক্ষণের ব্যবস্থাও রয়েছে।

পরিকল্পিত আবাসন এলাকায় খেলার মাঠ, সবুজ চত্বর, কমিউনিটি স্পেস ও সুপেয় পানির ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে মানুষের সামর্থ্যের মধ্যে নিরাপদ, স্বাস্থ্যকর ও নাগরিক সুযোগ-সুবিধাসম্পন্ন আবাসন গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত