• NEWS PORTAL

  • রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১৪:১৯, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের কোনো শঙ্কা নেই এবং পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েনেরও কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সংযোগ এলাকায় সংঘর্ষের ঘটনায় দুজনের প্রাণহানির খবর পাওয়ার কথা জানিয়ে তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধৈর্য ও কৌশলী পদক্ষেপে বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কক্সবাজার উন্নয়নবিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। 

সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের এ ধরনের কোনো পরিকল্পনা নেই। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কোনো শঙ্কা নেই বলে জানান তিনি। 

এ সময় ঢাকায় নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীগুলো সতর্ক থাকে এবং প্রয়োজন অনুযায়ী মোতায়েন থাকে। এটি তাদের নিয়মিত কার্যক্রমের অংশ।

২৯ ও ৩০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সালাহউদ্দিন আহমদ জানান, শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর নওডোবা অবতরণস্থলের কাছে ফজরের নামাজের পর একটি ঘটনা ঘটেছে। একদল লোক পদ্মা সেতুতে এসে ব্যারিকেড তৈরির পাশাপাশি পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছিল বলে তিনি শুনেছেন। তবে তাদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া যাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখনো আমরা বিস্তারিত তদন্ত করিনি। তবে সেখানে দুজনের প্রাণহানি হয়েছে বলে শুনেছি। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবিসহ অন্যান্য বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিছুটা বাহিনী বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বিভি/বিএস/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত