• NEWS PORTAL

  • রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

বিদ্যুৎ সংশ্লিষ্ট স্থাপনাগুলো নিয়ে বিপিডিবির কঠোর নির্দেশনা

প্রকাশিত: ১৭:১৬, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বিদ্যুৎ সংশ্লিষ্ট স্থাপনাগুলো নিয়ে বিপিডিবির কঠোর নির্দেশনা

দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহব্যবস্থার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। বোর্ডের আওতাধীন বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র, নির্মাণাধীন প্রকল্প ও ভাণ্ডারসহ সব স্থাপনায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি বিপিডিবির পরিচালক (নিরাপত্তা ও অনুসন্ধান) বেগ নাসির জাহানের সই করা এক নির্দেশনায় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

নির্দেশনায় স্থাপনাগুলোর প্রবেশপথ, নিয়ন্ত্রণকক্ষ, সুইচইয়ার্ড এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মী ছাড়া অন্য কারও সংরক্ষিত এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে। পরিচয় যাচাই ও তল্লাশি ছাড়া কোনো দর্শনার্থীকে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না।

এ ছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনার মূল নিরাপত্তা এলাকায় বহিরাগতদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। অনুমোদিত দর্শনার্থীদের পরিচয় নিশ্চিত করার পর দর্শনার্থী কার্ড দিতে হবে। একই সঙ্গে দায়িত্বশীল কর্মকর্তার তত্ত্বাবধানে তাঁদের প্রবেশের ব্যবস্থা করতে হবে।

নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপনাগুলোতে থাকা সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ক্যামেরায় ধারণ করা ভিডিও সংরক্ষণের ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। কর্মস্থলে অবস্থান ও যাতায়াতের সময় কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র দৃশ্যমান রাখার নির্দেশনাও রয়েছে।

দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম অনুসরণের ওপরও জোর দেওয়া হয়েছে। এ জন্য তাঁদের নাম, ঠিকানা, কার সঙ্গে সাক্ষাৎ করবেন, আগমনের উদ্দেশ্য এবং সংশ্লিষ্ট দপ্তরের অনুমতির তথ্য রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে।

নির্দেশনায় স্থাপনাগুলোর বাইরের নিরাপত্তাব্যবস্থা জোরদারের কথাও বলা হয়েছে। বিদ্যুৎকেন্দ্রের সীমানাপ্রাচীরের আশপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখতে হবে। ওয়াচ টাওয়ারে নিরাপত্তাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তাবাতি সচল রাখতে হবে। কোনো ব্যক্তি ব্যাগ বা অন্য কোনো সামগ্রী নিয়ে প্রবেশ করলে তা যথাযথভাবে তল্লাশি করতে হবে।

নিরাপত্তা তৎপরতার অংশ হিসেবে দাপ্তরিক সময়ের পর, বিশেষ করে রাতে টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পরিদর্শন ও তদারকির তথ্য রেজিস্টারে লিখতে হবে। পরদিন নিয়ন্ত্রণকারী কর্মকর্তার প্রতিস্বাক্ষর নেওয়ার নিয়মও যথাযথভাবে পালন করতে হবে।

পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে বলা হয়েছে। বিদ্যুৎ স্থাপনা এলাকায় কোনো অপরিচিত ব্যক্তির সন্দেহজনক চলাচল নজরে এলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত