• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

দেড় লাখ দিয়াশলাইয়ের কাঠি ও ১০ কেজি রেশমি সুতায় সাজানো হলো দুর্গা প্রতিমা

আসাদুজ্জামান, সাতক্ষীরা

প্রকাশিত: ১৫:৫৪, ২ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৫:৫৪, ২ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
দেড় লাখ দিয়াশলাইয়ের কাঠি ও ১০ কেজি রেশমি সুতায় সাজানো হলো দুর্গা প্রতিমা

মাটির এই প্রতিমার শরীরজুড়ে একে একে বসানো হচ্ছে দেড় লাখ দিয়াশলাইয়ের কাঠি। তার সঙ্গে ১০ কেজি রেশমি সুতার সূক্ষ্ম কারুকাজে ফুটিয়ে তোলা হচ্ছে ভিন্ন ভিন্ন নকশা।

শিল্পীর নিপুণ হাতে এভাবেই তৈরি হচ্ছে দেবী দুর্গার ব্যতিক্রমী প্রতিমা। পূজা শুরু হওয়ার আগেই ভিন্নধর্মী এই শিল্পকর্ম এক নজর দেখতে মণ্ডপে ভিড় করছেন দর্শনার্থীরা।

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর শ্রীশ্রী দুর্গাপূজা মণ্ডপে চারজন শিল্পী এক মাসেরও বেশি সময় ধরে তৈরি করছেন এই প্রতিমাটি। মাটির তৈরি প্রতিমার শরীরজুড়ে বিভিন্ন নকশায় বসানো হচ্ছে দিয়াশলাইয়ের কাঠি। সঙ্গে যুক্ত হচ্ছে রেশমি রঙের সুতার সূক্ষ্ম কারুকাজ। ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে সাতক্ষীরায় প্রথমবার এমন প্রতিমা তৈরির দাবি শিল্পীদের।

পূজার এখনও কিছুদিন বাকি। এরই মধ্যে প্রতিমাটি দেখতে বাড়ছে মানুষের আনাগোনা। কেউ নিবিড়ভাবে দেখছেন শিল্পকর্ম, কেউ মুঠোফোনে ধারণ করছেন ছবি ও ভিডিও। আয়োজকদের প্রত্যাশা, পূজার দিনগুলোতে জেলার বাইরের দর্শনার্থীরাও আসবেন এই প্রতিমা দেখতে।
 
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ জানান, শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সাতক্ষীরাজুড়ে চলছে প্রস্তুতি। এবার জেলার পাঁচ শতাধিক মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক রেখে নিরাপত্তা নিশ্চিতের প্রস্তুতি নেওয়া হয়েছে।

দিয়াশলাইয়ের কাঠিতে বিশেষ ধরনের প্রক্রিয়াজাতকরণ করায় প্রতিমাটি ঝুঁকিমুক্ত বলে দাবি কর্তৃপক্ষের। ভিন্ন উপকরণে তৈরি এই প্রতিমা এবার পূজার আয়োজনের পাশাপাশি সাতক্ষীরার শারদোৎসবে যোগ করেছে নতুন আকর্ষণ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত