• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

এবার চীনের গ্রেট ওয়ালে আল্ট্রা-ট্রেইল রেসে বাংলাদেশের পতাকা ওড়ালেন ইমামুর

প্রকাশিত: ১৪:২৬, ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৪:২৬, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এবার চীনের গ্রেট ওয়ালে আল্ট্রা-ট্রেইল রেসে বাংলাদেশের পতাকা ওড়ালেন ইমামুর

চীনের প্রাচীরের দুর্গম ও পাথুরে ট্রেইলে বাংলাদেশের পতাকা ওড়ালেন UTMB সার্টিফাইড আল্ট্রা-ট্রেইল রানার ইমামুর রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) চীনের বেইজিংয়ের ঐতিহাসিক দাজিংমেনে আয়োজিত বিশ্বখ্যাত ‘আল্ট্রা-ট্রেইল গ্রেট ওয়াল বাই UTMB’ রেসে সফলভাবে অংশগ্রহণ করেন তিনি।

আন্তর্জাতিক এই মেগা ট্রেইল রানিং প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৫,০০০-এরও বেশি অ্যাথলেট অংশ নেন। পুরো ইভেন্টটিতে ১০০ কিমি, ৭০ কিমি, ৫০ কিমি এবং ২০ কিমি—এই চারটি ক্যাটাগরি ছিল। ইমামুর রহমান অংশ নেন সবচেয়ে কঠিন ও আকর্ষণীয় ১০০ কিলোমিটারের ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে, যেখানে বিশ্বমানের ৮৬৩ জন স্প্রিন্টারের সাথে লড়াই করতে হয়েছে তাকে।

রেসটির প্রধান প্রতিবন্ধকতা ছিল অত্যন্ত পাহাড়ি ভূ-প্রকৃতি এবং অস্বাভাবিক আবহাওয়া। ১০০ কিমি দূরত্বের পুরো ট্রেইলে রানারদের জয় করতে হয়েছে ৪,৪০০ মিটারের বিশাল এলিভেশন গেইন। এর সাথে যুক্ত হয় তীব্র তাপমাত্রা পরিবর্তন; দিনের বেলায় বেইজিংয়ের দাবদাহ ছিল প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস, যা রাতের দিকে এক লাফে নেমে আসে মাত্র ৫-৬ ডিগ্রি সেলসিয়াসে।একই দিনে প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াসের এই চরম তাপমাত্রার পার্থক্য এবং টেকনিক্যাল পাহাড়ি পথ সামলে রেস শেষ করা যেকোনো অ্যাথলেটের জন্য এক কঠিন শারীরিক ও মানসিক পরীক্ষা। তবুও সব বাধা উপেক্ষা করে তিনি রেসটি সম্পূর্ণ করে বাংলাদেশকে তুলে ধরেন । 

উল্লেখ্য,এ বছর মার্চ থেকে এপ্রিল মাসে ২৪ দিনে ইমামুর রহমান তিনটি অত্যন্ত কঠিন ট্রেইল রেস সম্পন্ন করে বিরল এক মাইলফলক স্পর্শ করেছেন। গত ১৫ মার্চ চীনের আলট্রা ট্রেইল শিয়ামেনে ৯৭ কিলোমিটারের রেস, ২৯ মার্চ কংহুয়ায় ৩০ কিলোমিটারের ট্রেইল রেস এবং ১০ই এপ্রিল আলট্রা ট্রেইল মোগানসান ৮২ কিলোমিটার আলট্রা ট্রেইল শেষ করেন তিনি। ব্যাক টু ব্যাক UTMB World Series রেস শেষ করে এন্ডুরেন্স লিমিট ব্রেক করেন।

ইমামুর রহমান বাংলাদেশের একজন পথিকৃৎ আল্ট্রা ট্রেইল রানার, যিনি নিয়মিত নিজ উদ্যোগে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। সামনে তিনি হাইব্রিড স্পোর্টসের বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে অংশ নিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার প্রস্তুতি নিচ্ছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত