• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

গরু কিংবা মহিষ নয়, তেলের ঘানি টানছে অটোরিকশা!

মো. আকরাম হোসেন, মানিকগঞ্জ

প্রকাশিত: ১৩:৫৮, ৩ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
গরু কিংবা মহিষ নয়, তেলের ঘানি টানছে অটোরিকশা!

এতোদিন নানা পদ্ধতির ব্যবহার হলেও এবার খাঁটি সরিষার তেল উৎপাদনে ঘানি টানার দায়িত্ব নিয়েছে অটোরিকশা! শুনতে অবাক লাগলেও ঘটনা সত্য। বিদ্যুৎ সংযোগে চলা অটোরিকশার শক্তিতেই ঘুরছে কাঠের ঘানি, ভাঙছে সরিষা, আর বের হচ্ছে টাটকা সরিষার তেল। আর এই পুরোনো পদ্ধতিতে আধুনিকতার এমন অভিনব সংযোজন ঘটিয়ে আলোচনার কেন্দ্রে উদ্যোক্তা বিপ্লব সাহার ঘানিঘর।

মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা বাসস্ট্যান্ড এলাকায় ‘সুজয় ঘানি’ নামের এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা বিপ্লব সাহা। মোবাইল ফোনের ব্যবসায় মন্দা দেখা দিলে চাকরির পেছনে না ছুটে নতুন কিছু করার চিন্তা থেকেই শুরু এই অটোরিকশা দিয়ে ঘানিতে তেল উৎপাদনের কাজ।

শুরুতে দুটি ঘানি দিয়ে যাত্রা হলেও চাহিদা বাড়ায় এখন চলছে চারটি। বৈদ্যুতিক মোটরে চলা অটোরিকশার শক্তিতেই মাসে প্রায় এক হাজার ৮০০ লিটার সরিষার তেল উৎপাদন হচ্ছে তাঁর প্রতিষ্ঠানে। এ ছাড়া, সেখানে কর্মসংস্থানও হয়েছে ১০ থেকে ১২ জনের।

শুধু সরিষার তেলেই সীমাবদ্ধ থাকেনি বিপ্লব সাহার উদ্যোগ। আধুনিক ঢেঁকিতে ধান ভেঙে উৎপাদন হচ্ছে লাল চাল, তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের মসলাও। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব নিত্যপণ্য যাচ্ছে আশপাশের বিভিন্ন এলাকাতেও। খাঁটি সরিষার তেলের আশায় দূর-দূরান্ত থেকেও আসছেন ক্রেতারা।

তবে, ছোট উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ ও প্রশিক্ষণের মাধ্যমে সহযোগিতার সুযোগ রয়েছে বলে জানিয়েছে বিসিক।

পুরোনো ঘানিকে নতুন কৌশলে চালিয়ে বিপ্লব সাহা শুধু নিজের ব্যবসাই দাঁড় করাননি, তৈরি করেছেন নতুন কর্মসংস্থানও। তাঁর কর্মপরিধি বলে দিচ্ছে, প্রযুক্তির সঙ্গে নতুন ভাবনার সমন্বয় ঘটাতে পারলে ছোট উদ্যোগ থেকেও তৈরি হতে পারে বড় সম্ভাবনা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত