দুই ঘণ্টায় কোটি টাকার সবজি বিক্রি, তবুও লোকসানে কৃষক
জমজমাট সবজি বাজার ছবি: বাংলাভিশন
এক সময় যেখানে শুধু এক ফসল বা আমন ধান উৎপাদন হতো, এখন সেখানে বারো মাস সর্জন পদ্ধতিতে মৌসুম ভেদে উৎপাদন হচ্ছে নানা জাতের সবজি। আর উৎপাদিত সবজি কেনাবেচার জন্য নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্বচরবাটা ও চরক্লার্কের সীমান্তবর্তী সেলিম বাজারে প্রতিদিন বসছে পাইকারি হাট। এক বেলার এ পাইকারি হাটে প্রতিদিন কোটি টাকার সবজি বেচা-বিক্রি হচ্ছে। অথচ লোকসান গুণতে হচ্ছে কৃষকদের। অভিযোগ, কৃষি উপকরণের দাম বৃদ্ধি, অনুন্নত সড়ক ব্যবস্থার কারণে কাঙ্ক্ষিত পাইকার আসছে না বাজারে। আবার নদী ভাঙনের কারণে কমছে ফলস উৎপাদনও। অন্যদিকে নেই কৃষি বিপনণ বিভাগের তদারকি। বিপনণ বিভাগের দাবি লোকবল সংকটে কিছুটা সমস্যা হলেও চেষ্টার কমতি নেই তাদের, আর এলজিইডি বলছে সড়ক উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে তারা।
সরেজমিনে গেলে দেখা যায়, কারো মাথায় সবজির আঁটি, কেউ রিকশা বা ভ্যানে সাজিয়ে আনছে বিভিন্ ধরণের সবজি। মাথায়, ভ্যানে বা হাতে থাকতেই পাইকারদের দরাদরিতে বিক্রি হচ্ছে কৃষকের সেই সবজি। যেখানে সকাল সাড়ে ৭টার মধ্যেই বাজার প্রায় শেষ। ভোর সাড়ে ৫টা থেকে সাড়ে ৭টার জমজমাট বাজার দুই ঘন্টা পর শোনসান নিরব। বাজার কর্তৃপক্ষ বলছে, ভরা মৌসুমে এ বাজারে প্রতিদিন ভোরে কোটি টাকার লেনদেন হয়। আর মৌসুমের মাঝামাঝিতেও বেচাকেনা হয় ৪০-৪৫ লাখ টাকার।
সেলিম বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন বলেন, বিশেষ করে উপজেলার মোহাম্মদপুর, চরক্লার্ক, পূর্ব চরবাটা ও হাতিয়ার উত্তর অংশ তথা সুবর্ণচরের সীমান্তবর্তী কালাধুর, চর নঙ্গলিয়া, কেয়ারিংচর এ অঞ্চলগুলোতে গত ১০ বছরের বেশি সময় ধরে সর্জন পদ্ধতিতে সবজি উৎপাদন হচ্ছে। এর আগে এখানে শুধু আমন ধানই উৎপাদন হতো। সবজি মূলত বছর জুড়েই হচ্ছে। লাউ, কোমড়, বরবটি, সীম, করলা, ঢেড়স, টমেটো, শসা, মারপা, সিসিংগা, ধুন্দল, বিভিন্ন জাতের বেগুন, বিভিন্ন জাতের শাকসহ গ্রীষ্ম, বর্ষা ও শরৎকালীন সবজি উৎপাদন হচ্ছে। যার কারণে একাধিক পাইকারি বাজারও গড়ে ওঠেছে। এর মধ্যে সোলেমান বাজার, কালাধুর বাজার ও সেলিম বাজার ছিল অন্যতম। কিন্তু গত ৫-৬ বছরের মধ্যে হাতিয়ার বেশিরভাগ অংশ ভেঙ্গে যাওয়ায় উৎপাদন কমেছে। আবার ২-৩ বছরের মধ্যে দুইটি বাজারও নদী গর্ভে চলে গেছে। এখন শুধু সেলিম বাজারই পাইকারি বড় বাজার।
এ ব্যবসায়ী জানান, সেলিম বাজারে শীত মৌসুমে সর্বনিম্ন ১ কোটি টাকার বেচাকেনা হয়। এ ছাড়া মৌসুমের মাঝামাঝিতে যখন সবজি কম থাকে, তখনও বাজারে অর্ধকোটি টাকার বেচাকেনা হয়।
বাজার কমিটি, কৃষক ও পাইকারদের সাথে কথা বলে জানা যায়, সেলিম বাজার মাত্র মাত্র দুই ঘন্টার জন্য বসে। এরই মধ্যে কোটি টাকার বাজার, শুনতে অবাক হলেও এটাই সত্য। তবে ভাঙনের কবলে পড়ে বাজার ও ফসলি জমি নদী গর্ভে চলে যাওয়ায় উৎপাদন কমে গেছে। এখন যা হচ্ছে তাতেও লোকসান গুণতে হচ্ছে কৃষকদেরকে। অভিযোগ, অনুন্নত সড়ক ব্যবস্থার কারণে আসছে না কাঙ্খিত পাইকার। আসলেও কম দামে বিক্রি করতে হচ্ছে উৎপাদিত সবজি। অন্য দিকে চড়া দামে বীজ, সার ও কীটনাশক কিনতে গিয়ে আয়ের সাথে মিল থাকছে না ব্যয়ের। নেই বিপনণ বিভাগেরও তদারকি।
কৃষক আবু বকর মিয়া বলেন, তিনি ৩ একর জমিতে বছরব্যাপী সর্জন পদ্ধতিতে বিভিন্ন সবজি আবাদ করেন। কিন্তু গত কয়েক বছর উৎপাদিত সবজিতে লোকসান গুণতে হচ্ছে তাকে। তার অভিযোগ, বাজার তদারকি করার জন্য কৃষি বিভাগ থাকলেও কালে ভাদ্রেও কেউ তদারকিতে আসে না। তাছাড়া সুবর্ণচর উপজেলার সবগুলো গ্রামীন সড়কগুলো অত্যন্ত নাজুক হওয়ায় জেলা শহর মাইজদী, জেলার বৃহত্তর বাণিজ্যকেন্দ্র চৌমুহনী এবং দেশের উত্তরের বড় পাইকররা আসছে না। যার কারণে বড় গাড়ি আসতে চায় না। ফলে স্থানীয় পাইকারদের কাছেই স্বল্পমূল্যে সবজি বিক্রি করতে হচ্ছে।
আবদুল কাদের নামে আরেকজন কৃষক বলেন, একদিকে সবগুলো সড়ক ভেঙে গেছে। অন্য দিকে কীটনাশকের দাম চড়া, আবার বীজ ও সারও কিনতে হচ্ছে অধিক মূল্য দিয়ে। ফলে কৃষক উৎপাদন করলেও নায্য দাম পাচ্ছে না। বাজারে বড় পাইকাররা না আসার কারণে স্থানীয় পাইকারদের কাছে কম দামে বাধ্য হয়ে সবজি বিক্রি করতে হচ্ছে তাদের। এ জন্য তিনি কৃষি বিভাগকে দায়ী করছেন। তার মতে, কৃষি বিভাগ সঠিকভাবে তদারকি করছে না, বাজার মনিটরিং করছে না, এমনকি বাজার সংযোগ বাড়ানোর চেষ্টাও করছে না সরকারের কৃষি বিভাগ। ফলে কৃষক মাঠে মারা যাচ্ছে।
অন্যদিকে পাইকারদের দাবি, তারা নির্দিষ্ট সময়ে বাজারে এসে পৌঁছাতে পারেন না, আবার এখান থেকে সবজি নিয়ে সময় মতো খুচরা বাজারে যেতে পারেন না। ফলে তারা কম দিতে বাধ্য হচ্ছেন।
পাইকারী ব্যবসায়ী নজিব উল্যাহ্ বলেন, সড়কের অবস্থা খারাপ হওয়ায় কাভার্ডভ্যানগুলো আসতে চায় না। তাদের গাড়ি বিকল হয়, আবার তেলও বেশি লাগে। ফলে বাধ্য হয়ে ছোট পিকআপ ভ্যান নিয়ে আসতে হচ্ছে তাদের। পরিবহণ খরচ বেশি হওয়ার কারণে তারাও তাদের লাভের চিন্তা করে কৃষকদের কাছ থেকে সবজি কিনতে হচ্ছে। দেখা যায় কৃষকও ন্যায্য মূল্য পাচ্ছে না, আবার তারাও (পাইকার) বিভিন্ন বাজারে সময় মতো পৌঁছাতে না পারায় সঠিক দাম পাচ্ছে না। তাছাড়া এখানকার সবজি কয়েক হাত বদল হচ্ছে। তার মতে, সড়ক ব্যবস্থার উন্নয়ন হলে কৃষকও নায্য মূল্য পাবে, তারাও আড়ৎদ্বারের কাছে ভালো মূল্যে সবজি বিক্রি করতে পারবে।
জেলা কৃষি সম্প্রসারণের একটি হিসাবে দেখা যায়, জেলায় বছরে প্রায় ৩৩ হাজার ৪৪২ হেক্টর জমিতে নানা জাতের ৬ লাখ ১২ হাজার ৯৫৮ টন সবজি উৎপাদন হচ্ছে। যদিও এর বাজার মূল্য নিশ্চিত করতে পারেনি কৃষি বিপণন এবং সম্প্রসারণ বিভাগ। সম্প্রসারণের মতে, জেলা সদরের একাংশ, সুবর্ণচরের মোহাম্মদপুর, চরক্লার্ক, চরজব্বার, চরজুবলি, হাতিয়ার উত্তরাঞ্চল, কোম্পানীগঞ্জের চরএলাহী, গাংচিল এসব এলাকায় সবজি বেশি উৎপাদন হচ্ছে।
কৃষকের উৎপাদিত সবজির সঠিক বাজার মূল্য পাওয়া, জেলায় বছরে কত টাকার সবজি বেচাকেনা হয়- এসব দেখার কথা কৃষি বিপনণ বিভাগকে। কৃষি বিপনণ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার শাহাদাৎ নিজেদের নানা দুর্বলতার কথা স্বীকার বলে বলেন, লোকবল নেই বললেই চলে। ফলে ইচ্ছা থাকা স্বত্তে¡ও চরাঞ্চলের কৃষকদের দূর্দশা দেখার সুযোগ কম তাদের। তার মতে, জেলার বিভিন্ন বাজারে মনিটরিং এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে করতেই তাদের সময় চলে যায়।
তবে এ কর্মকর্তা আশ্বাস দিয়েছেন, দক্ষিণাঞ্চলের কৃষির বাজার সংযোগের বিষয়ে তারা আরো তৎপর হবেন। একই সঙ্গে জেলা সমন্বয় সভায় দক্ষিণাঞ্চলের সড়ক উন্নয়নের বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকে অনুরোধও জানাবেন।
সড়ক উন্নয়ন বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নোয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী যুগল কৃষ্ণ মন্ডল বলেন, এ অঞ্চলের কৃষি অর্থনীতির দারুণ সম্ভাবনা রয়েছে, যা তার দপ্তর অবগত। কৃষকের উৎপাদিত কৃষি পণ্য যাতে করে সহজভাবে বাজারজাত করতে পারে তার জন্য ইতোমধ্যে একাধিক প্রকল্প অধিদফতরে জমা দিয়েছেন। বিশেষ করে মোহাম্মদপুর, চরক্লার্ক ও চরজব্বার এলাকার সড়কগুলোর টেকসই উন্নয়নে এসব প্রকল্প প্রস্তুত করা হয়। যেহেতু এখনই শুস্ক মৌসুম। সুতরাং যত দ্রুত সম্ভব প্রকল্পগুলো বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে। গ্রহণ করা এসব প্রকল্প বাস্তবায়ন হলে কৃষকের স্বপ্নও বাস্তবায়ন হবে বলে মনে করেন তিনি।
বিভি/এআই













মন্তব্য করুন: