চাকরির পেছনে না ছুটে কৃষি উদ্যোক্তা, বাগান থেকেই বিক্রি হচ্ছে ফাহিমের মাল্টা
পাহাড়ি ফল মাল্টার চাষ এখন ছড়িয়ে পড়ছে সমতল ভূমিতেও। নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী এলাকায় তিন একর জমিতে মাল্টার বাগান গড়ে তুলে সাফল্য পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী ফরহাদুজ্জামান ফাহিম। চার বছর আগে বাণিজ্যিকভাবে চাষ শুরু করে এবার পেয়েছেন আশানুরূপ ফলন। পড়াশোনার পাশাপাশি তার এই কৃষি উদ্যোগ এলাকায় তৈরি করেছে আগ্রহ ও সাড়া।
ফাহিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী। চাকরির পেছনে না ছুটে নিজেই কিছু করার স্বপ্ন থেকে চার বছর আগে মাল্টা চাষ শুরু করেন তিনি। বর্তমানে তার তিন একর জমির বাগানে রয়েছে প্রায় এক হাজার মাল্টাগাছ। সিলেট থেকে সংগ্রহ করা বারি-১ জাতের এসব গাছে এবার থোকায় থোকায় ফল ধরেছে। দীর্ঘদিনের পরিচর্যা ও পরিশ্রমের পর বাগানে এসেছে ভালো ফলন।
বাগানের মাল্টার স্বাদ ও মান ভালো হওয়ায় ক্রেতাদের আগ্রহ বাড়ছে। বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা সরাসরি বাগানে এসে ফল কিনে নিয়ে যাচ্ছেন। প্রত্যন্ত গ্রামে গড়ে ওঠা বাগানটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন নানা বয়সী মানুষ। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় কয়েকজনের কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছে।
ফাহিমের উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় দর্শনার্থী ও ক্রেতারা। তাদের মতে, সমতল ভূমিতে মাল্টা চাষের এমন উদ্যোগ এলাকার কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত তাজা ফল কেনার সুযোগ তৈরি হওয়ায় উপকৃত হচ্ছেন ক্রেতারাও।
ফরহাদুজ্জামান ফাহিম বলেন, চাকরির পেছনে না ছুটে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন থেকেই মাল্টা চাষের উদ্যোগ নেন তিনি। শুরুতে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হলেও ধীরে ধীরে বাগানটি সফলতার মুখ দেখছে। চলতি মৌসুমে বাগান থেকে কয়েক লাখ টাকার মাল্টা বিক্রি করেছেন। ভবিষ্যতে বাগানটি আরও বড় করার পরিকল্পনা রয়েছে তার।
ফাহিমের লক্ষ্য, বেকার তরুণদের কৃষিকাজে আগ্রহী করে তোলা এবং মানুষের কাছে নিরাপদ ও মানসম্মত ফল পৌঁছে দেওয়া।
এদিকে তার মাল্টা বাগান নিয়মিত পরিদর্শন করছে উপজেলা কৃষি বিভাগ। গাছের পরিচর্যা, রোগবালাই দমন ও ফলন বাড়ানোর বিষয়ে তাকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। চাষাবাদে কোনো সমস্যায় পড়লে কৃষি কর্মকর্তাদের সহযোগিতা নেন ফাহিম।
ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ফাহিমের মাল্টা বাগানটি কৃষি বিভাগের নজরদারিতে রয়েছে। তাকে নিয়মিত প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। মাল্টা চাষে কোনো সমস্যা দেখা দিলে কৃষি বিভাগের সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে।
বিভি/এজেড













মন্তব্য করুন: