• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ইউটিউব দেখে বাড়ির আঙিনায় প্যাশন ফ্রুট চাষ, রিপনের ২ গাছে হাজার ফল

বাসস

প্রকাশিত: ১৫:০৬, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ইউটিউব দেখে বাড়ির আঙিনায় প্যাশন ফ্রুট চাষ, রিপনের ২ গাছে হাজার ফল

ছবি: সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ীতে বাড়ির আঙিনায় মাত্র দুটি গাছ লাগিয়ে বিদেশি ফল আনারকলি চাষে সাফল্য পেয়েছেন তরুণ উদ্যোক্তা রায়হান আহমেদ রিপন। শখের বসে শুরু করা এই চাষে এক বছরের মধ্যে দুই গাছ থেকে এক হাজারের বেশি ফল পেয়েছেন বলে দাবি তার। এবার পৈতৃক জমিতে বাণিজ্যিকভাবে আনারকলি চাষের পরিকল্পনা করছেন তিনি।

ফুলবাড়ী উপজেলার সুজাপুর বানিয়াপাড়ার বাসিন্দা রিপন রেজাউল ইসলামের ছেলে। বিএ পাস করার পর চাকরির পেছনে না ছুটে ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি নতুন কিছু করার চেষ্টা করছেন তিনি।

রিপনের আনারকলি চাষের আগ্রহ তৈরি হয় কয়েক বছর আগে কক্সবাজারে বেড়াতে গিয়ে। সেখানে প্রথমবার প্যাশন ফ্রুট বা আনারকলির স্বাদ নেন তিনি। ফলটি পছন্দ হওয়ায় সেখান থেকে বীজ সংগ্রহ করে বাড়িতে চাষের চেষ্টা করেন। তবে প্রথমবার সফল হননি।

পরে গত জুনে দিনাজপুর হর্টিকালচার বিভাগের উপপরিচালক মো. এজামুল হকের পরামর্শ ও সহযোগিতায় ৮০০ টাকা দিয়ে দুটি আনারকলির চারা কেনেন। ইউটিউব দেখে এবং হর্টিকালচার বিভাগের কৃষিবিদ মো. এনামুল হকের কাছ থেকে চাষ ও পরিচর্যার পদ্ধতি জেনে বাড়ির আঙিনায় চারাগুলো রোপণ করেন। গাছের বেড়ে ওঠা থেকে শুরু করে ফুল ও ফল আসা পর্যন্ত কৃষিবিদদের পরামর্শ নিয়েছেন তিনি।

বাড়ির প্রায় চার শতাংশ জায়গায় মাচা তৈরি করে লাগানো হয় গাছ দুটি। চারা রোপণের প্রায় চার-পাঁচ মাসের মধ্যে গাছগুলো মাচাজুড়ে ছড়িয়ে পড়ে। অক্টোবর থেকে গাছে ফুল ও ফল আসতে শুরু করে। এরপর ধীরে ধীরে বড় হতে থাকে সবুজ আনারকলি।

রিপনের দাবি, দুটি গাছ থেকেই এক বছরের মধ্যে এক হাজারের বেশি ফল পেয়েছেন তিনি। টক-মিষ্টি স্বাদের ও ভিটামিন সি-সমৃদ্ধ এই ফল দিনাজপুরের মাটিতে ফলানো সম্ভব হওয়ায় এলাকায় তৈরি হয়েছে কৌতূহল। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ তাঁর বাড়িতে আসছেন ফল দেখতে ও স্বাদ নিতে। কেউ কেউ চাষে আগ্রহী হয়ে তাঁর কাছ থেকে চারাও কিনছেন।

ইতিমধ্যে ৫০ থেকে ৬০টি চারা বিক্রি করেছেন রিপন। বাণিজ্যিক চাষের পরিকল্পনায় আরও ১০০টি চারা তৈরি করেছেন তিনি। দর্শনার্থীদের ফলের স্বাদ দেওয়ার পাশাপাশি আনারকলি চাষের পদ্ধতি ও পরিচর্যা সম্পর্কেও ধারণা দিচ্ছেন।

স্থানীয় বাসিন্দা বারেকুল ইসলাম বলেন, উত্তরবঙ্গে প্রথমবারের মতো আনারকলি চাষ হতে দেখেছেন তিনি। ফলটি খেতে সুস্বাদু, আবার চাষেও খুব বেশি পরিশ্রম করতে হয় না। রিপনের কাছ থেকে কয়েকটি চারা নিয়ে নিজের জমিতে লাগানোর পরিকল্পনা করছেন তিনি।

স্কুলশিক্ষক ও স্থানীয় বাসিন্দা মো. রবিউল ইসলামও আগে কখনো আনারকলি ফল দেখেননি। ফলটির স্বাদ ভালো লাগায় নিজের বাড়িতে চাষের জন্য কয়েকটি চারা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রিপনের ছোট ভাই ইমরান আহমেদ রাসেল জানান, প্রথম দিকে গাছগুলো শিমগাছের মতো লতিয়ে বাড়ছিল। পরে তারা মাচা তৈরি করে দেন। রোপণের প্রায় চার মাস পর ফুল আসতে শুরু করলে পরাগায়নেও সহযোগিতা করেন তারা। এরপর গাছে ফল ধরতে থাকে। ভাইয়ের এই উদ্যোগে শুরু থেকেই সহযোগিতা করছেন তিনি।

ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোত্তাকিন জানান, উপজেলার মাটি আনারকলি চাষের উপযোগী। ফলটির দুটি জাত রয়েছে। রিপনের বাগানে থাকা জাতটির ফল পাকলে হলুদ রং ধারণ করে। এ ছাড়া ফুলবাড়ীতে আরও একজন আনারকলি চাষ করেছেন, যার ফল পাকলে বেগুনি রং হয়।

তিনি বলেন, আনারকলির বাজার তৈরি করা জরুরি। রিপন দর্শনার্থীদের ফল খাইয়ে এর সঙ্গে পরিচিত করছেন। কৃষি বিভাগের বিভিন্ন সভায় ফলটির প্রসার নিয়ে উদ্যোগ নেওয়া হবে। রিপন বাণিজ্যিকভাবে চাষ শুরু করতে চাইলে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

দিনাজপুর হর্টিকালচার বিভাগের উপপরিচালক মো. এজামুল হক বলেন, আনারকলি চাষের শুরু থেকেই রিপনকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে। তার বাগানে গাছের সফল বৃদ্ধি ও প্রচুর ফল আসা ইতিবাচক দৃষ্টান্ত। নতুন ধরনের ফল চাষে তরুণদের এগিয়ে আসতে উৎসাহিত করতে হর্টিকালচার বিভাগ সহযোগিতা করতে প্রস্তুত। এ ধরনের উদ্যোগের মাধ্যমে তরুণেরা স্বাবলম্বী হতে পারবেন বলে আশা তাঁর।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত