যেদিন নোবেলজয়ের খবর পৌঁছেছিল রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে
ছবি: ইন্টারনেট
বিশ্বসাহিত্যের ইতিহাসে বাঙালির গৌরবের এক অনন্য অধ্যায় ১৯১৩ সালের ১২ নভেম্বর। এদিন টেলিগ্রামের মাধ্যমে শান্তিনিকেতনে পৌঁছেছিল ‘কবিগুরু’ রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলজয়ের খবর। বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বদরবারে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এই অর্জন শুধু রবীন্দ্রনাথের ব্যক্তিগত সাফল্য ছিল না, হয়ে উঠেছিল বাঙালি জাতির গর্বের উপলক্ষ। এর মধ্য দিয়ে প্রথম অ-ইউরোপীয় সাহিত্যিক হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জনের ইতিহাস গড়েন তিনি।
রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলজয়ের পেছনে বিশেষ ভূমিকা রাখে তার কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলি’। ১৯১২ সালে ‘Gitanjali: Song Offerings’ নামে এর ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়। ব্রিটিশ কবি ডব্লিউ বি ইয়েটস বইটির ভূমিকা লেখেন। অনূদিত কবিতাগুলো ইউরোপের সাহিত্যিক মহলে ব্যাপক সাড়া ফেলে।
নোবেল কমিটি রবীন্দ্রনাথকে পুরস্কার দেওয়ার কারণ হিসেবে তার গভীর সংবেদনশীল, সতেজ ও সুন্দর কবিতার কথা উল্লেখ করে। কমিটির মতে, তার কাব্যভাবনা ইংরেজি ভাষায় প্রকাশিত হয়ে পশ্চিমা সাহিত্যের অংশ হয়ে উঠেছিল।
১৮৬১ সালের ৭ মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ। কবিতা, গান, ছোটগল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধসহ সাহিত্যের বিভিন্ন শাখায় ছিল তার অবাধ বিচরণ। বাংলা সাহিত্যকে বিশ্বদরবারে পরিচিত করার পাশাপাশি সংগীত, শিক্ষা, চিত্রকলা ও দর্শনেও রেখেছেন অসামান্য অবদান।
১৯১৩ সালের ১০ ডিসেম্বর সুইডেনের স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তার হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হয়। ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাঁকে নাইট উপাধিতে ভূষিত করে। তবে ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন।
১৯৪১ সালের ৭ আগস্ট মৃত্যুবরণ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার নোবেলজয় আজও বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বপরিসরে তুলে ধরার এক ঐতিহাসিক মাইলফলক হয়ে আছে।
তথ্যসূত্র: উইকিপিডিয়া
বিভি/অনলাইন/পিএইচ













মন্তব্য করুন: