• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

দেবহাটায় পাল্টাপাল্টি হামলায় ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতাসহ আহত পাঁচ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৩, ৬ এপ্রিল ২০২৪

আপডেট: ২০:৫৪, ৬ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
দেবহাটায় পাল্টাপাল্টি হামলায় ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতাসহ আহত পাঁচ

সাতক্ষীরার দেবহাটায় খেলার মাঠে ধানক্ষেতের পানি সেচ দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের পাল্টাপাল্টি হামলা ও মারপিটে সখিপুর ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সর্দার মো. আমজাদ হোসেনসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

শনিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর সখিপুর শেখ রাসেল স্মৃতি ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ও মারপিটে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে শেখ রাসেল স্মৃতি ফুটবল মাঠের পাশে নিজ জমিতে মৎস্যঘের ও ধানচাষ করে আসছিলেন সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সর্দার মো. আমজাদ হোসেনের ছোটভাই আবুল হোসেন। চলতি মৌসুমে তার ক্ষেতের ধান কারেন্ট পোকায় আক্রান্ত হওয়ায় শনিবার সকালে আবুল হোসেন ও তার ছেলে আজহারুল ইসলাম এবং কর্মচারি সখিপুরের আরশাদের ছেলে রাজু ধানক্ষেতের পানি বৈদ্যুতিক মোটরের মাধ্যমে সেচ দিয়ে শেখ রাসেল স্মৃতি ফুটবল মাঠে ফেলছিলেন। 

এক পর্যায়ে সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সেখানে পৌঁছে ধানক্ষেতের পানি ফুটবল মাঠে ফেলতে নিষেধ করেন। এ নিয়ে বাকবিতণ্ডাতার এক পর্যায়ে তাদের মধ্যে মারপিট শুরু হলে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আহত হন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে চেয়ারম্যান সাইফুল ইসলামের লোকজন সেখানে পৌঁছে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সর্দার আমজাদ হোসেনের ছোটভাই আবুল হোসেন ও আব্দুল গফুর এবং ঘেরের কর্মচারী রাজুকে পিটিয়ে আহত করেন। মারপিটের খবর শুনে কিছুক্ষণের মধ্যেই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সর্দার আমজাদ হোসেন ঘটনাস্থলে পৌঁছালে তাকেও মারপিট করেন বিক্ষুব্ধ ইউপি চেয়ারম্যানের সমর্থকরা। পরে দেবহাটা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

দেবহাটা থানার ওসি শেখ মাহমুদ হোসেন মারপিটের বিষয়টি নিশ্চিত করে জানান, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সর্দার আমজাদ হোসেনসহ তাদের লোকজনের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত