যুব উন্নয়ন কর্মকর্তাকে গাছের সাথে বেঁধে নির্যাতন, গ্রেফতার ৬
ফরিদপুরে যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন প্রামাণিক (৪৮) কে গাছের সাথে বেঁধে বর্বরভাবে পিটিয়ে নির্যাতন করা হয়েছে। এ ঘটনার মামলায় অভিযুক্ত ৬ আসামিক গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুরের কোর্ট চত্বরে উকিলবারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মাইনদ্দিন প্রামানিক (৫৫), আ. লতিফ প্রামানিক (৪৫), আজিজুল প্রামানিক (২৫), মোরশেদ প্রামানিক (২২), আছমত মল্লিক (৬০), মানিক মল্লিক (৬৫) ও খোয়াজ শেখ (৫৫)।
এদের মধ্য থেকে প্রথম পাঁচজনের বাড়ি চাঁদপুর জেলার সদর উপজেলার পূর্ব মল্লিকপাড়া এবং শেষের ১ জনের বাড়ি জেলার মৈজদ্দিন মাতুব্বর পাড়ায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার এসআই সুজন বিশ্বাস বলেন, আসামিদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় হোসেন প্রামাণিক কোতোয়ালি থানায় সাতজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি কাদের প্রামাণিক (৬০) পলাতক রয়েছেন।
ঘটনা তদন্তে স্থানীয় সূত্রে জানা যায়, পিতার রেখে যাওয়া ৪ একর ৩৬ শতাংশ ওয়াকফ সম্পত্তির রক্ষণাবেক্ষণ নিয়ে বিরোধের জের ধরে ১ এপ্রিল হোসেন প্রামাণিকের উপর হামলা করে আপন ভাই ও ভাতিজারা। তাকে গাছের সাথে বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও প্লাস দিয়ে আঙুলে জখম করা হয়।
খবর শুনে তার স্ত্রী ও মেয়ে তাকে বাঁচাতে এলে তাদেরকেও মারধর করা হয়। পরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তার স্ত্রীর একটি পা ভেঙে গেছে।হোসেন প্রামাণিক জানান, প্রায় এক বছর আগে ভাইয়েরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। ওই ঘটনায় একটি মামলা চলমান রয়েছে। এরপর ২০ মার্চ ও ২৭ মার্চ রাতে পরপর দু’বার তার বাড়িতে আগুন দেয়া হয়। তিনি থানায় একটি মামলা করেন। এরপর আবারও তারা তাকে গাছের সাথে বেঁধে বর্বরভাবে পিটিয়ে আহত করে এবং স্ত্রী কন্যাকেও মারপিট করে।
বিভি/এসপি













মন্তব্য করুন: