ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের স্বাক্ষরিত ২৩ ফলাফল শিট জব্দ
ঝিনাইদহ-৪ আসনের একটি ভোটকেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের পোলিং এজেন্টের স্বাক্ষর করা ২৩টি ফলাফল শিট উদ্ধার ও জব্দের ঘটনা ঘটেছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত প্রায় ৮টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর কেন্দ্র—সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
কেন্দ্রটিতে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে আছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা। ঘটনার পরপরই সেখানে যান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা রিজওয়ানা নাহিদ।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা জানান, অভিযোগ পেয়ে কেন্দ্রে গিয়ে একটি প্রতীকের পোলিং এজেন্টের স্বাক্ষর করা ২৩টি ফলাফল শিট জব্দ করা হয়। পরবর্তীতে সেগুলো বাতিল করে ছিঁড়ে ফেলা হয়েছে এবং নতুন ফলাফল শিট সরবরাহ করা হয়েছে। প্রিজাইডিং অফিসারকে বিষয়টি নিয়ে সতর্ক করা হয়েছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের পোলিং এজেন্ট জিল্লুর রহমান ওই ফলাফল শিটগুলোতে স্বাক্ষর করেছিলেন।
প্রিজাইডিং অফিসার জেসমিন আরা স্বীকার করেন, একজন পোলিং এজেন্টের স্বাক্ষর করা ২৩টি রেজাল্ট শিট বাতিল করা হয়েছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।
বিভি/টিটি



মন্তব্য করুন: