• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

পুকুরে ভাসছিল নারীর মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৪, ১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
পুকুরে ভাসছিল নারীর মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

বাগেরহাটের কচুয়া উপজেলায় হোসনেয়ারা বেগম (৫৫) নামে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার কয়েলের ভিটা সংলগ্ন একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ। হোসনেয়ারা বেগম কচুয়া গ্রামের মৃত হানিফ আলী সিকদারের দ্বিতীয় স্ত্রী।

নিহতের স্বামীর প্রথম স্ত্রী হালিমা বেগম (৬০) বলেন, ‘তিনি কীভাবে মারা গেছেন বা কেন পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া গেল, তা আমরা এখনো বুঝে উঠতে পারছি না। তবে বেশ কিছুদিন ধরে তাদের ঘরে এক অপরিচিত ব্যক্তিকে থাকতে দেখেছি। তার পরিচয় জানতে চাইলেও আমাদের কিছু জানানো হতো না। ওই ব্যক্তির কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি না, তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে।’

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন বলেন, ‘এখনই মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব হচ্ছে না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

তিনি আরও বলেন, ‘পরিবারে একজন অপরিচিত ব্যক্তির উপস্থিতির বিষয়টি সন্দেহজনক মনে হচ্ছে। ওই ব্যক্তির বিষয়ে পুলিশি অনুসন্ধান চলছে। তাকে খুঁজে পাওয়া গেলে ঘটনার রহস্য উদ্‌ঘাটনে সহায়ক হতে পারে।’ পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতেই হোসনেয়ারা বেগমের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত