জানুয়ারি থেকে জুনের মধ্যে দেশের সকল ইউপি নির্বাচন সম্পন্ন করা হবে: প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, আগামী বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে দেশের সকল ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করা হবে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করা হবে। নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না।
এ সময় বিদ্যুৎ সংকট মোকাবেলায় সরকারের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে ছাদে সৌরবিদ্যুৎ বা রুফটপ সোলার সম্প্রসারণ করা হচ্ছে। ছাদে উৎপাদিত বিদ্যুৎ নিজস্ব চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে।
সার সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যেসব এলাকায় বিরোধী দলের এমপি রয়েছে, সেসব এলাকায় কৃত্রিমভাবে সার সংকট দেখিয়ে সরকারের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে।
এর আগে সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি জেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় যোগ দেন।
বিভি/এসজি













মন্তব্য করুন: