শোলাকুড়ী উচ্চ বিদ্যালয়ে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা
মাদকবিরোধী সচেতনতা, বাল্যবিবাহ ও যৌন সহিংসতা প্রতিরোধে টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মহি উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার রুবেল হোসেন এবং শোলাকুড়ী ইউনিয়নের বিট পুলিশিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মো. বেলাল উদ্দিন। এছাড়া স্থানীয় বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শোলাকুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোকাদ্দেছ আলী। সভা সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মফিজুল ইসলাম।
সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোকাদ্দেছ আলী, সহকারী প্রধান শিক্ষক মো. সোহেল আরমান, শোলাকুড়ী বাজার বণিক সমিতির সভাপতি ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য মো. সেলিম আহমেদ, বণিক সমিতির সহসভাপতি তোফায়েল আহমেদ পারভেজ, গিলাগাইছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খোরশেদ আলী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর শোলাকুড়ী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাছেন আলী।
প্রধান অতিথির বক্তব্যে মহি উদ্দিন আহমদ বলেন, শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ জরুরি। একই সঙ্গে বাল্যবিবাহ, যৌন সহিংসতা ও তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠন এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে এলাকার সুধীজন, শিক্ষক, অভিভাবক ও রাজনৈতিক নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সন্তানদের পড়াশোনা ও দৈনন্দিন কার্যক্রমের প্রতি নিয়মিত নজর রাখার আহ্বান জানান তিনি।
সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে শুধু বিদ্যালয়ের উদ্যোগ যথেষ্ট নয়; পরিবার ও সমাজকেও সমানভাবে দায়িত্ব নিতে হবে। বিশেষ করে মাদক, বাল্যবিবাহ ও প্রযুক্তির অপব্যবহার প্রতিরোধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
আলোচনা শেষে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
বিভি/জোহা













মন্তব্য করুন: