• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

গণমাধ্যমের স্টিকার সংবলিত গাড়ির ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ২২:০০, ৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
গণমাধ্যমের স্টিকার সংবলিত গাড়ির ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

বরগুনা-বেতাগী আঞ্চলিক সড়কে একটি গণমাধ্যমের লোগোসংবলিত প্রাইভেটকারের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তাওহিদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (৭ অক্টোবর) বরগুনা সদর উপজেলার গৌরীচন্না-সংলগ্ন সোনারবাংলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তাওহিদুল ইসলাম বরগুনা সদর উপজেলার বদরখালী এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গণমাধ্যমের স্টিকারসংবলিত প্রাইভেটকারটি গৌরীচন্না এলাকা থেকে বরগুনা শহরের দিকে দ্রুতগতিতে যাচ্ছিল। গাড়িটি সোনারবাংলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তাওহিদুল ইসলামের মৃত্যু হয়। অটোরিকশায় থাকা অপর দুই যাত্রী ছিটকে পড়ে গুরুতর আহত হন। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবলু নামের এক আহতের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত অন্যজন বরগুনা জেনারেল হাসপাতালেই চিকিৎসাধীন।

ঘটনার খবর পেয়ে বরগুনা সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহদাত হাসনাইন পারভেজ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আইনি আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত