ঋণের চাপে জর্জরিত চা দোকানির আত্মহত্যা!
বরিশালের গৌরনদীতে ঋণের চাপে এক চা দোকানি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার ইছাকুড়ি-বাকাই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পুলিন তালুকদার (৪৫) উপজেলার ইছাকুড়ি-বাকাই এলাকার মৃত উপেন্দ্রনাথ তালুকদারের ছেলে। তিনি তিন কন্যাসন্তানের জনক ছিলেন।
মৃতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিন তালুকদার দীর্ঘ আট বছর মরিশাসে ছিলেন। প্রায় এক বছর আগে দেশে ফিরে নিজ বাড়ির কাছেই একটি চায়ের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করছিলেন।
স্বজনদের দাবি, প্রবাসে থাকাকালে বিভিন্ন এনজিও ও স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে ঋণগ্রস্ত হয়ে পড়েন পুলিন। গত কয়েকদিন ধরে স্থানীয় পাওনাদার ও এনজিওর কিস্তির টাকা পরিশোধের জন্য তার ওপর চাপ ছিল।
বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের বাগানে তাকে অচেতন অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: