বিপাকে সাধারণ মানুষ
সাজেকের মাচালংয়ে সড়কে গাছের গুঁড়ি ও আগুন: ৯ম দিনেও সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত
পাঁচ দফা দাবিতে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে টানা নবম দিনের মতো সাজেকে চলছে অনিশ্চিতকালের সড়ক অবরোধ। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল থেকেই অবরোধের কারণে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালির সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, আজ সকাল থেকেই সাজেক সড়কের বাঘাইহাটের ১০ নম্বর এলাকা এবং মাচালং ১৪ কিলোসহ বেশ কয়েকটি পয়েন্টে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আন্দোলনকারীরা। তবে পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, অবরোধ চলাকালে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের পিকেটিং বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পার্বত্য অঞ্চলের সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএস সদস্যদের সাজেক এলাকা থেকে অপসারণ এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের প্রধান দাবি নিয়ে এ কর্মসূচির ডাক দেওয়া হয়। সড়ক যোগাযোগ বন্ধ থাকার পাশাপাশি সাজেক ও এর আশপাশের এলাকায় এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে। দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সাজেকের স্থানীয় বাসিন্দারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সংকটে পড়েছেন।
আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে গতকাল বৃহস্পতিবার সাজেক সফর করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে তিনি বাঘাইহাট জোন ও টাইগার টিলা আর্মি ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যদের সঙ্গে কুশল বিনিময় ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের উচ্চপর্যায়ের একাধিক বৈঠক অনুষ্ঠিত হলেও এখনো কোনো সুনির্দিষ্ট সমঝোতায় পৌঁছানো যায়নি। এ বিষয়ে কমিটির সদস্য ও সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা জানান, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী তারা স্থানীয় হেডম্যান ও কার্বারিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন এবং আলোচনার সারসংক্ষেপ জেলা প্রশাসনের কাছে তুলে ধরেছেন। পরবর্তীতে প্রয়োজন হলে প্রশাসন তাদের আবারো ডেকে পাঠাবে বলে জানানো হয়েছে।
পরিস্থিতি নিয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, অবরোধের কারণে সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কোথাও কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান জানান, আন্দোলনকারীদের সঙ্গে পুনরায় বৈঠকের বিষয়ে ওপর মহল থেকে এখনও নতুন কোনো নির্দেশনা আসেনি। তবে মাঠপর্যায়ের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
বিভি/এআই













মন্তব্য করুন: