মাদরাসা ছাত্রী ছোট্ট ইলহানের রহস্যজনক মৃত্যু
নোয়াখালীর সদর উপজেলায় মাইসা ইলহান নুয়া (৭) নামে এক মাদরাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ড বা ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে সুধারাম মডেল থানার পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার চরমটুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহতাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুয়া জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়নপুর গ্রামের আবুল হোসেন মাস্টার বাড়ির ইকবাল হোসেনের মেয়ে। সে মাহতাপুর গ্রামের মাহতাপুর নূরানী মাদরাসার প্রথম জামাতের ছাত্রী ছিল।
নিহতের মেঝো চাচা আলতাফ হোসেন বলেন, তাদের বাড়ি জেলার সদর উপজেলার সীমান্তবর্তী বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের নয়নপুর গ্রামে। তাদের বাড়ির পাশেই সদর উপজেলার মাহতাপুর গ্রামের নূরানী মাদরাসায় পড়ত নুয়া। সোমবার সকালে বাড়ি থেকে মাদরাসায় যায় সে এবং দুপুরে বিরতির সময় বাড়িতে এসে খাবার খেয়ে আবার মাদরাসায় চলে যায়। কিন্তু বিকেলে মাহতাপুর গ্রামের একটি বাড়ির পেছনে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হত্যাকাণ্ড বা ধর্ষণেরও কোনো আলামত মেলেনি। শিশুটির দাঁত কামড়ানো অবস্থায় ছিল এবং মুখ দিয়ে লালা বের হচ্ছিল। কেউ তাকে হত্যা করলে দাঁত কামড়ানো থাকবে না, মুখ দিয়ে লালা পড়বে না। তার মানে বিকল্প কোন কিছু আছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যু সঠিক কারণ জানা যাবে এবং সে অনুযায়ী পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে।
বিভি/এজেড













মন্তব্য করুন: