• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

সুন্দরগঞ্জে মা-ছেলে হত্যার বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫২, ১৯ নভেম্বর ২০২৬

আপডেট: ২১:৫৩, ১৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সুন্দরগঞ্জে মা-ছেলে হত্যার বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও শিশু ছেলের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং অভিযুক্তদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে উপজেলার বজরা কঞ্চিবাড়ী বাজারে এই মানববন্ধনের আয়োজন করে বজরা কঞ্চিবাড়ীর সর্বস্তরের জনগণ। মানববন্ধনে নিহতের স্বজন, প্রতিবেশীসহ এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেন। এ সময় বাজারের সড়কে মানুষের ঢল নামে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে ‘নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ান।  

বক্তারা বলেন, গত ১৭ নভেম্বর সন্ধ্যায় উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের বজরা গ্রামের বাসিন্দা আইনুন নাহার আঁখি (৪২) ও তার একমাত্র শিশুসন্তান আদিল মিয়া (৬) কে নিজ শয়নকক্ষে শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহত আঁখির বাবা আতায়ার রহমান বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত করা হয় মৃতের স্বামী আব্দুর রাজ্জাক মিয়ার দ্বিতীয় স্ত্রী মোছা. শাহিনা খাতুন, বাদল ও তাদের সহযোগীদের।

স্থানীয়রা জানান, আব্দুর রাজ্জাক মিয়া প্রথম স্ত্রী আঁখি বেগমের অজান্তে শাহিনা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে পরিবারে দীর্ঘদিন ধরে কলহ ও বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্ত মোছাঃ শাহিনা খাতুনকে আগেই আটক করা হয়েছিলো। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, গতকাল বুধবার মামলার অপর অভিযুক্ত বাদলকেও পুলিশ আটক করেছে। বর্তমানে দুইজনই পুলিশ হেফাজতে রয়েছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

মানববন্ধনে বক্তারা অভিযুক্ত শাহিনা খাতুন, বাদল ও তাদের সকল সহযোগীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসির দাবি জানান।

বক্তারা আরও বলেন, দ্রুত তদন্ত শেষ করে এই মামলার চার্জশিট দিয়ে খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে ভবিষ্যতে আর কোনো মা-ছেলেকে এভাবে প্রাণ হারাতে হবে। এই ঘটনায় পুরো এলাকায় এখন শোকের ছায়া নেমে এসেছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত