ঢাকাগামী বাসে তল্লাশি, বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যাত্রী গ্রেফতার
চট্টগ্রামের জোরারগঞ্জে খাগড়াছড়ি থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন সালাহউদ্দিন আকবর ও ইবনে জাহিদ।
রবিবার (২১ নভেম্বর) রাতে জোরারগঞ্জ থানাধীন ১নং করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম পুলিশ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দুই ব্যক্তি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিয়ে খাগড়াছড়ি থেকে শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পুলিশ দ্রুত ওই এলাকায় তল্লাশিচৌকি স্থাপন করে। একপর্যায়ে সন্দেহভাজন বাসটি সেখানে পৌঁছালে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রী সালাহউদ্দিন আকবর ও ইবনে জাহিদের হেফাজত থেকে ৭.৬২ মি.মি. একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে বিধি মোতাবেক অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে তাদের গ্রেফতার করা হয়।
বিভি/এআই













মন্তব্য করুন: