• NEWS PORTAL

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

অসুস্থ শিশুকে নিয়ে হাসপাতালে বাবা-মা, পানিতে ডুবে আরেক সন্তানের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৩, ২৩ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:১৬, ২৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
অসুস্থ শিশুকে নিয়ে হাসপাতালে বাবা-মা, পানিতে ডুবে আরেক সন্তানের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সাগর হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী এলাকায় ঘটনাটি ঘটে।

সাগর ওই গ্রামের কবিরুল হাওলাদারের বড় ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে সাগর তিন বন্ধুর সঙ্গে বাড়ির পাশের খোলপেটুয়া নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে বন্ধুদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পানিতে তলিয়ে যায় সে। তার বন্ধুরা চিৎকার করলে স্থানীয় জেলে ও বাসিন্দারা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে জাল ফেলে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়। 

পরিবারের সদস্যরা জানান, সাগরের আগে থেকেই খিঁচুনিজনিত শারীরিক সমস্যা ছিল। পানির সংস্পর্শে এলে তার এ সমস্যা দেখা দিতো বলে পরিবারের দাবি।

এদিকে এ ঘটনার সময় সাগরের বাবা-মা তাদের আরেক অসুস্থ সন্তানকে নিয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন। এক সন্তানের অসুস্থতার মধ্যে আরেক সন্তানের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, শিশুটির মৃত্যুর খবর পেয়ে পুলিশ খোঁজ খবর নিয়েছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত