শেখ হাসিনাকে আসতে হলে বন্দি চুক্তির মাধ্যমেই আসতে হবে: ত্রাণমন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার চলাকালীন দেশে আসেননি, এখন আসতে চাইলে ভারতের সঙ্গে বন্দি চুক্তির মাধ্যমেই আসতে হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব। তিনি আওয়ামী লীগকে সন্ত্রাসী ও মাফিয়া দল আখ্যা দিয়ে বলেন, আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে তারা প্রমাণ করেছে তারা শুধরাবে না।
এছাড়া আন্তর্জাতিক নদীর পানি একতরফা প্রত্যাহার করে বাংলাদেশে মরুকরণ সৃষ্টি করা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী। এ সময় তিনি জানান, তিস্তা প্রকল্পের সমীক্ষার কাজ শেষ করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং তিস্তা পাড়ের মানুষ দ্রুত সুখবর পাবেন।
শনিবার (২৮ নভেম্বর) সকালে কুড়িগ্রামের নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ, সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল আমসাআ আমিন, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ, বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা প্রমুখ। এ সময় কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দেন।
বিভি/এআই













মন্তব্য করুন: