• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে নির্যাতন, সাবেক পুলিশ কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৯, ১০ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:২৯, ১০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে নির্যাতন, সাবেক পুলিশ কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে ২০ লাখ টাকা না পেয়ে স্ত্রীকে রড ও ইট দিয়ে পিটিয়ে নাকের হাড় ভেঙে দেওয়ার অভিযোগে সাবেক পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলামকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে তাকে মোট ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

মঙ্গলবার  (১০ নভেম্বর) সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মামলার বিবরণ ও অভিযোগপত্র সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৫ মে ইসলামী শরিয়াহ মোতাবেক তিন লাখ এক টাকা দেনমোহরে তানিয়া আরেফিনের সঙ্গে মো. রফিকুল ইসলামের বিয়ে হয়। তানিয়া সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামের মৃত আব্দুল মজিদের মেয়ে। অন্যদিকে রফিকুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী প্রতাপপুর গ্রামের মৃত আফছার আলীর ছেলে।

বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রী তানিয়া আরেফিনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ ওঠে স্বামী রফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এরই ধারাবাহিকতায় ২০২০ সালের ২৫ ডিসেম্বর ভোর রাতে ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে তানিয়ার ওপর নির্মম নির্যাতন চালানো হয়। একপর্যায়ে রড ও ইট দিয়ে আঘাত করে তার নাকের হাড় ভেঙে দেওয়া হয়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার পর স্বামীর নির্যাতনের বিরুদ্ধে আইনি প্রতিকার ও ন্যায়বিচার চেয়ে তানিয়া আরেফিন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক পর্যালোচনা শেষে আদালত আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(খ) ও ১১(গ) ধারায় তাকে দোষী সাব্যস্ত করেন। রায়ে ১১(খ) ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১১(গ) ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে আদালত উভয় ধারার সাজা একই সঙ্গে কার্যকর করার নির্দেশ দিয়েছেন। 

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ। তিনি এ রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, এ রায়ের ফলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: