সাবেক মন্ত্রী জাবেদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলার রায় ১৯ নভেম্বর
ছবি: সাইফুজ্জামান চৌধুরী জাবেদ
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুদকের করা মামলার যুক্তি তর্ক শেষে আগামী ১৯ নভেম্বর রায়ের দিন ধার্য্য করেছেন চট্টগ্রামের আদালত।
বুধবার (১১ নভেম্বর) যুক্তিতর্ক শুনানি শেষে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান রায়ের দিন ধার্য্য করেন। মামলায় ৫৬ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের দিন ধার্য করেছেন।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান আরামিট গ্রুপের প্রটোকল অফিসার মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব প্রতিষ্ঠান ভিশন ট্রেডিং-এর মালিক দেখিয়ে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন নেওয়া হয়। পরে ওই অর্থ জাবেদ তার কর্মচারীদের মাধ্যমে উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেন এবং বিদেশে সম্পদ ক্রয়ে ব্যবহার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এ ঘটনা ঘটে বলে তদন্তে উঠে এসেছে।
মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুখমীলা জামান, সাবেক পরিচালক, ব্যাংকের সাবেক কর্মকর্তা এবং আরামিট গ্রুপের কর্মকর্তাসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে।
এর আগে গেল ৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বিভি/এআই













মন্তব্য করুন: