• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট

প্রকাশিত: ১২:৪৪, ১৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:৪৯, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আসামি সোহেলের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এর আগে গত সোমবার দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষ হয়। শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করেন হাইকোর্ট। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ মামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায় পড়া শুরু করেন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী। 

উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

এরপর ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। পরদিনই মামলায় ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি সোহেল রানাকে পাঁচ লাখ এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি দণ্ডের বিরুদ্ধে দুই আসামি জেল আপিল করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টে আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত