২৯ নভেম্বর শুরু হচ্ছে শিশু অপ্রতিম হত্যা মামলার বিচার
ছবি: সংগৃহীত
কুমিল্লায় আলোচিত শিশু অপ্রতিম হত্যা মামলার চার্জ গঠন হবে আগামী ২৯ নভেম্বর। এর মধ্য দিয়ে এই হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে বলে জানিয়েছেন কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর কাইমুল হক। শনিবার (২১ নভেম্বর) দুপুরে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলায় অভিযুক্ত চার আসামির মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক এবং দুজন প্রাপ্তবয়স্ক। বয়সের ভিত্তিতে তাদের বিচার দুটি পৃথক আদালতে পরিচালিত হবে।
পাবলিক প্রসিকিউটর কাইমুল হক জানান, আসামিদের পক্ষে কুমিল্লার কোনো আইনজীবী না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আসামিপক্ষ কোনো মানবাধিকার সংগঠন থেকে আইনজীবী নিযুক্ত করার চেষ্টা করছে। আমরা আমাদের মতো কাজ করে যাব।
নিহত অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, আমার ছেলেকে হত্যাকারীদের বিচারকাজ শুরু হওয়ার খবরটি শুনে ভালো লাগছে। আমরা আইন এবং আদালতের প্রতি আস্থাশীল। আশা করছি ন্যায়বিচার পাব।
প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩)। মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে আর বাসায় ফেরেনি সে। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিভি/এসজি













মন্তব্য করুন: