প্রায় দেড় মাস পর অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু হচ্ছে ২৯ নভেম্বর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার প্রায় দেড় মাস পর মামলার বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী ২৯ নভেম্বর মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত। ওই দিন আসামিদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার দুই আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের গাজীপুর থেকে কুমিল্লায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার হবে পৃথক আদালতে। মামলার অভিযোগপত্র এরইমধ্যে আদালতে গৃহীত হয়েছে। নির্ধারিত দিনে আসামিরা উপস্থিত থাকলে অভিযোগ গঠন ও বিচারিক কার্যক্রম শুরু হবে। কেউ অনুপস্থিত থাকলে সে বিষয়ে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. কাইমুল হক।
তিনি বলেন, ‘মামলার অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে। আসামিরা কারাগারে রয়েছেন। আগামী ২৯ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে অপ্রতিম হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। অপ্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে জুভেনাইল কোর্টে এবং প্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে কুমিল্লার সেশন কোর্টে। কোনো কারণে কোনো আসামি অনুপস্থিত থাকলে আদালত এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।’
আসামিপক্ষের আইনজীবী নিয়োগের বিষয়ে তিনি বলেন, ‘আসামিপক্ষ একটি মানবাধিকার সংগঠনের মাধ্যমে আইনজীবী নিয়োগের চেষ্টা করছে। আমরা আমাদের মতো আইনি কার্যক্রম চালিয়ে যাব।’
অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, ‘আগামী ২৯ নভেম্বর কুমিল্লা জেলা আদালতে মামলার অভিযোগ গঠন করা হবে। প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার পৃথক আদালতে হবে।’
প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের একটি পাহাড়ের নির্জন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
বিভি/টিটি













মন্তব্য করুন: