জুলাইয়ে এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা: ১৯ আসামির বিচার শুরু
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সাভারে পুলিশের সাঁজোয়া যান (এপিসি) থেকে ফেলে শিক্ষার্থী আসহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৯ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে মামলাটির বিচার শুরু হলো।
রবিবার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন। আগামী ১৫ ডিসেম্বর মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেছেন আদালত।
মামলার ১৯ আসামির মধ্যে ছয়জন গ্রেফতার রয়েছেন। বাকি ১৩ জন এখনো পলাতক।
আসামিদের তালিকায় রয়েছেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম, সাভার থানার সাবেক ওসি শাহজামান, আশুলিয়া থানার সাবেক ওসি এএফএম সায়েদ, এএসআই মোহাম্মদ আলী, নায়েক সুহেল মিয়া ও কনস্টেবল মাহফুজ মিয়া।
এ ছাড়া রয়েছেন সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, মো. আতিকুর রহমান, ফখরুল আলম সমর, মেহেদী হাসান তুষার, রাজু আহমেদ, মো. ফরিদ, জামান খান, মিজানুর রহমান ওরফে জিএস মিজান এবং শরীফ আশরাফুল আলম বাবুল।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালান। এ সময় আসহাবুল ইয়ামিনকে ধরে টেনে পুলিশের সাঁজোয়া যানের কাছে নেওয়া হয়। দুপুর দেড়টার দিকে তার বুকের বাঁ পাশে গুলি করা হয়। এতে তার শরীরে অসংখ্য স্প্লিন্টার বিদ্ধ হয়।
অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে প্রায় নিথর ইয়ামিনকে টেনে সাঁজোয়া যানের ওপর তুলে রাখা হয়। এরপর আন্দোলনকারীদের মধ্যে আতঙ্ক ছড়াতে পুলিশ সদস্যরা যানটি নিয়ে এলাকায় ঘোরাফেরা করেন। পরে তাকে সড়কের ওপর ফেলে দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, সাঁজোয়া যানের ভেতর থেকে এক পুলিশ সদস্যকে বের করে ইয়ামিনের পায়ে আবারও গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ওই পুলিশ সদস্য তাকে মৃত মনে করে গুলি না করে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে টেনে নিয়ে সড়ক বিভাজকের পাশে ফেলে দেন। তখনও ইয়ামিনের শ্বাস-প্রশ্বাস চলছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আসহাবুল ইয়ামিন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বিভি/এজেড













মন্তব্য করুন: